ছবি- প্রতিকী
কাপ্তাই ও রাজস্থলী প্রতিনিধি :
রাঙামাটির রাজস্থলী উপজেলায় চন্দ্রঘোনা থানা আওতাধীন এলাকায় খেলনা পিস্তল দিয়ে ভয়ভীতি দেখিয়ে নগদ ২ লাখ টাকা ও স্বর্ণালংকার লুটের একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজনের সাহসিকতায় হাতেনাতে আটক হওয়া এক ছিনতাইকারীকে গণপিটুনিতে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে অপর এক সহযোগী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৫টায় উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের খ্যাংদং পাড়া এলাকায় অবস্থিত ‘ভেনটিস মিশন হোস্টেল’ নামক আবাসিক প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। নিহত আটককৃত ব্যক্তির নাম মো. রফিক (২৩)। তিনি বাঙ্গালহালিয়া আবাসিক মুসলিম পাড়ার মৃত আব্দুল জলিলের ছেলে। এছাড়া পলাতক আসামির নাম মো. আকাশ (২৪), পিতা: মোহাম্মদ আলী করিম, রাজস্থলী সুফিপুর। 
পুলিশ জানিয়েছে, পলাতক আকাশ এর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় পূর্বে দায়েরকৃত চুরির মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ভেনটিস মিশন হোস্টেলের পরিচালক সুহেল ত্রিপুরার সহধর্মিণী হেনা ত্রিপুরাকে লক্ষ্য করে দুই যুবক খেলনা পিস্তল দেখিয়ে জিম্মি করে। পরে ঘরের আলমারি ভেঙে নগদ ২ লক্ষ টাকা এবং ৭৫ হাজার টাকা সমমূল্যের ৩টি স্বর্ণের আংটি চুরি করে পালিয়ে যাওয়ার চেষ্টা চালায়। এ সময় ভুক্তভোগী হেনা ত্রিপুরার চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন এবং ধাওয়া করে মো. রফিককে দুটি স্বর্ণের আংটিসহ আটক করেন। তবে তার সহযোগী আকাশ অপর ১টি স্বর্ণের আংটি ও নগদ ২ লক্ষ টাকাসহ পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়দের গণপিটুনিতে মো. রফিক গুরুতর আহত হলে সন্ধ্যা ৭টায় তাকে চন্দ্রঘোনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ তাকে চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা গেছেন এবং তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ছবিটি গ্রাফিকস ডিজাইন তৈরি করা।

অনলাইন ডেস্ক