চিংথোয়াই অং মার্মা, থানচি (বান্দরবান) প্রতিনিধি:
স্বাধীনতার ৫৫ বছর পরও যেখানে প্রাথমিক স্বাস্থ্যসেবা ছিল অধরা, অসুস্থ রোগীকে হাসপাতালে নিতে পাড়ি দিতে হতো দুর্গম পাহাড়ি পথ ও দীর্ঘ নদীপথ, সেই সীমান্ত জনপদে অবশেষে চালু হচ্ছে গ্রীন হিল সংস্থার উদ্যোগে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। বান্দরবানের থানচি উপজেলার দুর্গম সীমান্তবর্তী বড় মদক এলাকায় দীর্ঘদিনের চিকিৎসাসংকট নিরসনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
তাঁরা আরো জানান, বিভিন্ন গণমাধ্যমে বড় মদক এলাকার দীর্ঘদিনের চিকিৎসাবঞ্চনা, মাতৃস্বাস্থ্য সংকট ও দুর্গম জনপদের মানুষের দুর্ভোগের চিত্র উঠে আসার পর বিষয়টি স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে স্থানীয়দের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পরিত্যক্ত একটি শিক্ষার্থী হোস্টেল সংস্কার করে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
জানা গেছে, থানচি সদর থেকে নৌপথে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তঘেঁষা বড় মদক অঞ্চলে ৫০টি পাহাড়ি গ্রাম, ১৩টি বিজিবি ক্যাম্প ও ১৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এসব এলাকায় ১০ হাজারের বেশি মানুষের বসবাস। অথচ দীর্ঘদিন ধরে ছিল না কোনো স্থায়ী স্বাস্থ্যসেবা কেন্দ্র। আগামী ১৯ নভেম্বর স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন করা কথা রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, গ্রীন হিলের উদ্যোগে বড় মদকে প্রতিষ্ঠা করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র। সেখানে দুজন প্রশিক্ষিত মিডওয়াইফ নিয়োগ দেওয়া হয়েছে। তাঁদের মাধ্যমে ২৪ ঘণ্টা প্রাথমিক চিকিৎসা, গর্ভবতী নারীদের স্বাস্থ্য পরীক্ষা, মাতৃস্বাস্থ্যসেবা, স্বাভাবিক প্রসব এবং শিশুদের চিকিৎসাসেবা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
গ্রীন হিলের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক সংস্থা জেএসআই রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউটের কারিগরি সহযোগিতা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় সংস্থাটির ‘মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স’ প্রকল্পের আওতায় বড় মদকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রটি চালু করা হচ্ছে। এরই মধ্যে কেন্দ্রটির কার্যক্রমের বাস্তব চিত্রও সামনে এসেছে। গত সোমবার কেন্দ্রটি পরিদর্শনে গিয়ে পাশের প্রুসাংঅং পাড়ায় এক গর্ভবতী নারীর প্রসববেদনার খবর পান গ্রীন হিলের কর্মকর্তারা। তাৎক্ষণিকভাবে নিয়োজিত দুই মিডওয়াইফ সেখানে গিয়ে প্রসবের চেষ্টা করেন। তবে প্রসবকালীন জটিলতা দেখা দেওয়ায় ওই নারীকে উন্নত চিকিৎসার জন্য জেলা সদরে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন হাসপাতালে স্বাভাবিক প্রসবে সন্তান জন্ম দেন তিনি। তাঁর যাতায়াতের সম্পূর্ণ ব্যয় বহন করছে গ্রীন হিল।
স্থানীয় বাসিন্দা সাচিংপ্রু মারমা, উসাইশৈ মারমা ও জিনিঅং মারমাসহ অনেকেই বলছেন, স্বাধীনতার সাড়ে পাঁচ দশক পর বড় মদকের মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার এই উদ্যোগ স্থানীয় স্বাস্থ্যব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলেছে। আনুষ্ঠানিক উদ্বোধনের পর প্রতিশ্রুত ২৪ ঘণ্টার স্বাস্থ্যসেবা নিয়মিত চালু ও দুর্গম সীমান্তের মানুষের চিকিৎসাবঞ্চনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে। এবং গ্রীন হিল সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকার করছেন তাঁরা।
গ্রীন হিলের মোমেন্টাম ইন্টিগ্রেটেড হেলথ রেজিলিয়েন্স প্রকল্পের পরিচালক সাইলুমং মারমা বলেন, বড় মদক এলাকায় নতুন প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালুর প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুর্গম সীমান্তবর্তী এ জনপদের গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে গ্রীন হিল সংস্থার নির্বাহী পরিচালক যতন কুমার দেওয়ান বলেন, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বড় মদকে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হয়েছে। দুইজন মিডওয়াইফের মাধ্যমে ২৪ ঘণ্টা সেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে মাতৃস্বাস্থ্য, স্বাভাবিক প্রসব ও শিশুদের স্বাস্থ্যসেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে প্রসবের জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থাও থাকবে। দুর্গম সীমান্তবর্তী বড় মদকের মা ও শিশু মৃত্যু অনেকটাই কমে আসবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান মুরাদ বলেন, দুর্গম সীমান্তবর্তী বড় মদক, ছোট মদক, সাঙ্গু রিজার্ভ, আন্ধারমানিক ও তিন্দুতে প্রতিবছর বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ছিল। এ সংকট বিবেচনায় স্বাস্থ্য বিভাগ ও গ্রীন হিলের যৌথ উদ্যোগে বড় মদকে স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হচ্ছে। পাশাপাশি সেখানে পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল স্থাপনের প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

অনলাইন ডেস্ক