প্রকাশের সময়: শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬ । ২:০৩ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

রামগড়ের ফেনীরকুল সীমান্তে নদীর পাড় থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে ফেনীরকুল সীমান্ত এলাকায় নদীর পাড় থেকে অংথৈইপ্রু মার্মা (৬৬) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে ৪৩ বিজিবি। পরে মরদেহটি রামগড় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার ফেনীরকুল গ্রামের নদীর পাড় থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত অংথৈইপ্রু মার্মা ওই গ্রামের মৃত মংমং মার্মার ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে গরুর জন্য ঘাস কাটতে বাড়ি থেকে বের হন অংথৈইপ্রু মার্মা। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু তাঁর কোনো সন্ধান পাওয়া যায়নি।

পরে শনিবার সকালে নদীর কিনারে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। খবর পেয়ে ৪৩ বিজিবির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটার সময় অসাবধানতাবশত উঁচু স্থান থেকে নিচে নদীর পাড়ে থাকা কংক্রিটের ব্লকের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রামগড় থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এদিকে ৪৩ বিজিবি জানিয়েছে, ঘটনাস্থলটি সীমান্ত এলাকায় হওয়ায় বিষয়টি বিজিবির পক্ষ থেকেও তদন্ত করা হচ্ছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন