রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
চারপাশে দুর্গম পাহাড়ের আঁকাবাঁকা পথ, যোগাযোগের চরম প্রতিকূলতা আর আধুনিকতার ছোঁয়া থেকে দূরে থাকা এক নিভৃত পল্লী—রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালীর চন্দ্রঘোনা এলাকার কালামাইশ্যা বটতলী পাড়া। সোমবার (১৬ নভেম্বর) সেই অবহেলিত জনপদেই যেন নেমে এসেছিল আনন্দের প্লাবন। পুণ্যলগ্নে, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই পাড়ার ধর্ম সুখা বৌদ্ধ বিহারে উদযাপিত হলো বৌদ্ধদের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব ‘কঠিন চীবর দানোৎসব’।
দিনের প্রথম আলো ফোটার সঙ্গে সঙ্গেই পাহাড়ের বুক চিরে দলে দলে ছুটে আসেন হাজারো পুণ্যার্থী। বুদ্ধপূজা, সংঘদান ও নানা মাঙ্গলিক অনুষ্ঠানের পর ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা কেটে, সেই সুতা নিপুণ হাতে রং করে বোনা পবিত্র চীবর সংঘের উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। তবে এই ধর্মীয় আচার-অনুষ্ঠানের সীমানা পেরিয়ে এবারের উৎসবটি পাহাড়ি মানুষের বুকভরা আবেগ আর দীর্ঘদিনের জমে থাকা প্রত্যাশা পূরণের এক অনন্য মঞ্চে পরিণত হয়।
অনুষ্ঠানের আলোচনা সভায় যখন প্রধান দায়ক হিসেবে বক্তব্য রাখতে দাঁড়ান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য উথোয়াইমং মারমা, তখন পুরো বিহার প্রাঙ্গণে পিনপতন নীরবতা নেমে আসে। দুর্গম পাহাড়ে বসবাসকারী এসব সাধারণ মানুষের জীবন সংগ্রামের কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন তিনি নিজেও। এ সময় স্থানীয় দায়ক-দায়িকাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশার কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে বেশ কিছু যুগান্তকারী প্রতিশ্রুতি দেন।

তিনি তাঁর বক্তব্যে অত্যন্ত জোরালোভাবে বলেন—”যে পাহাড়ি জনপদের মানুষ আজ কঠিন চীবর দানে এত বড় মহৎ আয়োজনে অংশ নিয়েছেন, আধুনিকতার ছোঁয়া থেকে তারা এখনও অনেকাংশে বঞ্চিত। এই দুর্গম কালামাইশ্যা বটতলী পাড়ায় এখনও বিদ্যুতের আলো পৌঁছায়নি, যা আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক। একই সঙ্গে সুপেয় খাবার পানির তীব্র সংকট এবং বৌদ্ধ বিহারের দোতলায় ওঠার কোনো সুব্যবস্থা না থাকায় বয়স্ক ও পুণ্যার্থীরা চরম কষ্ট ভোগ করছেন।” এরপরই উপস্থিত এলাকাবাসীর মুখে স্বস্তির হাসি ফোটাতে তিনি ঘোষণা দেন— খুব শীঘ্রই এই দুর্গম জনপদে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেওয়া, বিশুদ্ধ খাবার পানির সুব্যবস্থা করা এবং বিহারের সহজে যাতায়াতের জন্য পাকা সিঁড়ি নির্মাণ করার সর্বাত্মক উদ্যোগ নেওয়া হবে। নেতার এই আশ্বাসের পর উপস্থিত হাজারো মানুষের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো বিহার এলাকা; অনেকের চোখেই তখন আনন্দের চিকচিক জল।
কালামাইশ্যা বটতলী পাড়া ধর্ম সুখা বৌদ্ধ বিহার পরিচালনা কমিটির সভাপতি উ সুই প্রু মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোদালা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ওয়াইনা মহাথের। বিশেষ অতিথি ছিলেন, পলেক্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত ইন্দ্রিয়া মহাথের। এছাড়া অনুষ্ঠানে পবিত্র পুণ্যময় ধর্মদেশনা পেশ করেন নারাইছড়া বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্যোতিকা মহাথের।

বক্তারা বলেন, কঠিন চীবর দান কেবল একটি ধর্মীয় প্রথাই নয়; এটি ত্যাগের মহিমা ও অহিংসার বাণী ছড়িয়ে দেওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। দুর্গম পাহাড়ের এই কঠিন বাস্তবতার মধ্যেও মানুষের মনের উদারতা প্রমাণ করে যে, বিশ্বাস আর ভালোবাসা থাকলে যেকোনো প্রতিকূলতা জয় করা সম্ভব।অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ব শান্তি, দেশের সমৃদ্ধি এবং পাহাড়ে বসবাসকারী সব জাতিগোষ্ঠীর মানুষের পারস্পরিক সম্প্রীতি ও দীর্ঘমেয়ায়ী শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। চীবর দানোৎসবের এই আয়োজন পাহাড়ি মানুষের জীবনে কেবল ধর্মীয় প্রশান্তিই এনে দেয়নি, বরং দীর্ঘদিনের বঞ্চনা ঘুচিয়ে উন্নয়নের নতুন আলোর পরশ পাওয়ার এক গভীর আবেগময় প্রত্যাশা জাগিয়ে তুলেছে।

অনলাইন ডেস্ক