প্রকাশের সময়: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬ । ৪:২৩ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় খাগড়াছড়িতে নারী জুমচাষিদের সমাবেশ ও শস্য প্রদর্শনী

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জুমচাষের রাষ্ট্রীয় স্বীকৃতি, ক্ষতিগ্রস্ত কৃষকদের পুনর্বাসন এবং বিনামূল্যে কৃষি উপকরণ সরবরাহের দাবিতে খাগড়াছড়িতে নারী জুমচাষিদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে খাগড়াছড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।

‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার’ শীর্ষক প্রচারাভিযান সপ্তাহ উপলক্ষে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা ‘জাবারাং কল্যাণ সমিতি’ ও ‘তৃণমূল আলো’ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে পার্বত্য চট্টগ্রামে আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের প্রবণতা বেড়েছে। এতে পাহাড়ের ঐতিহ্যবাহী জুমক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং পাহাড়ি জনগোষ্ঠীর খাদ্যনিরাপত্তা ও জীবিকা চরম হুমকির মুখে পড়ছে। এই সংকট উত্তরণে বক্তারা জলবায়ু তহবিল থেকে পার্বত্য অঞ্চলের কৃষকদের জন্য পৃথক বরাদ্দ, ক্ষতিগ্রস্ত নারী কৃষকদের বিশেষ প্রণোদনা ও সহায়তা প্রদান এবং বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহের জোর দাবি জানান।

সমাবেশস্থলে জুমচাষে উৎপাদিত শতাধিক প্রজাতির বিলুপ্তপ্রায় ও ঐতিহ্যবাহী শস্যের বীজ, খাদ্য এবং কৃষিপণ্যের এক বর্ণাঢ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে পাহাড়ের বৈচিত্র্যময় কৃষিব্যবস্থা ও সংস্কৃতির চিত্র ফুটে ওঠে।

‘তৃণমূল আলো’র নির্বাহী পরিচালক অরুণ কান্তি চাকমার সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন পানছড়ির নারী হেডম্যান ইথিন চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নারী কারবারি মেহেদী বালা ত্রিপুরা, টিআইবির এরিয়া ম্যানেজার নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য এবং জাবারাংয়ের নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা শতাধিক নারী জুমচাষি অংশগ্রহণ করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন