প্রকাশের সময়: শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬ । ৫:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজবন বিহারে সুবর্ণজয়ন্তীর কঠিন চীবর দানোৎসব ঘিরে পুণ্যার্থীদের ঢল

অনলাইন ডেস্ক

 

সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :

বিশ্ব শান্তি, বাংলাদেশের শান্তি, সম্প্রীতি ও মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়ার আহ্বানের মধ্য দিয়ে রাঙামাটির ঐতিহ্যবাহী রাজবন বিহারে দুই দিনব্যাপী ৫০তম সুবর্ণজয়ন্তী দানোত্তম কঠিন চীবর দানোৎসব সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে বৌদ্ধ ভিক্ষু সংঘের কাছে কঠিন চীবর উৎসর্গের মধ্য দিয়ে এ মহাধর্মীয় উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে বেইনঘর উদ্বোধন ও চরকায় সুতা কাটার মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

উৎসবের দ্বিতীয় দিন শুক্রবার সকালে পঞ্চশীল প্রার্থনা, সংঘদান, অষ্টপরিষ্কার দান, সদ্ধর্ম দেশনা ও ভিক্ষু সংঘকে পিণ্ডদানসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে বিকেল আড়াইটায় শুরু হয় মূল কঠিন চীবর দান অনুষ্ঠান।

২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি, সুতা রং করা, শুকানো এবং তাঁতে কাপড় বুননের মাধ্যমে চীবর তৈরির ঐতিহ্যবাহী কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে তৈরি করা চীবর রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবিরের হাতে তুলে দেন সাবেক পার্বত্য মন্ত্রী ও রাঙামাটি আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে ধর্মীয় দেশনা প্রদান করেন শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের শিষ্য ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। তিনি বিশ্বশান্তি, দেশ ও জাতির কল্যাণ এবং সকল প্রাণীর সুখ-শান্তি কামনা করেন। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার, রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. একরামুল রাহাত, পিএসসি, রাঙামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

এবারের উৎসবে তিন পার্বত্য জেলা ছাড়াও দেশ- বিদেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দায়ক-দায়িকা ও পুণ্যার্থীর সমাগম ঘটে। সড়ক ও নৌপথে দূর-দূরান্ত থেকে ধর্মপ্রাণ বৌদ্ধ নারী-পুরুষরা উৎসবে অংশ নেন। ভারতের মহারাষ্ট্র থেকেও ২০ জন বিদেশি পুণ্যার্থী এ মহাদানোৎসবে যোগ দেন। উৎসব উপলক্ষে রাজবন বিহার এলাকায় দুই শতাধিক বেইন ও দেড় শতাধিক চরকার মাধ্যমে চীবর তৈরির আয়োজন করা হয়। এতে হাজারো দায়ক-দায়িকা অংশগ্রহণ করেন। পুরো বিহার প্রাঙ্গণ জুড়ে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ।

উল্লেখ্য যে, বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, প্রায় আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধের সময়ে মহাউপাসিকা বিশাখা ২৪ ঘণ্টার মধ্যে তুলা থেকে সুতা তৈরি করে চীবর প্রস্তুত ও দানের প্রচলন করেন। সেই ঐতিহ্য অনুসরণ করে প্রতিবছর বৌদ্ধ ধর্মাবলম্বীরা কঠিন চীবর দানোৎসব পালন করে আসছেন।

রাজবন বিহারে ১৯৭৬ সাল থেকে প্রতিবছর এ ধর্মীয় উৎসব পালিত হয়ে আসছে। এবারের ৫০তম আয়োজনটি তাই ভক্ত-অনুরাগীদের কাছে বিশেষ তাৎপর্য বহন করছে। দুই দিনব্যাপী এ উৎসবের মধ্য দিয়ে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে ধর্মীয় চেতনা, পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানে বিভিন্ন প্রশাসনের কর্মকর্তা উপস্থিত ছিলেন এবং সার্বিক নিরাপত্তায় পুলিশ প্রশাসন,গোয়েন্দা এবং  অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন