মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ি সদরে শালবাগান এলাকার পল্লীটিলায় মাটি খননের সময় ৮২ মিলিমিটার মর্টার শেল সদৃশ একটি পরিত্যক্ত গোলা উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল আনুমানিক ৪টার দিকে সবজি চাষের জন্য পাহাড়ের ঢালে মাটি কাটার সময় স্থানীয় বাসিন্দা মোঃ বেলাল হোসেন গোলাটি দেখতে পান।
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটির প্রায় এক ফুট গভীরে বস্তুটি দেখে বেলাল হোসেন সেটিকে বোমা বা বিস্ফোরক জাতীয় কিছু বলে সন্দেহ করেন। পরে তিনি সেটি উদ্ধার করে উত্তর গঞ্জপাড়া এলাকায় তাঁর বড় ভাই মোঃ সেকেন্দারের বাড়িতে নিয়ে যান। সেখানে কৌতূহলবশত গোলাটির ভেতরে কী আছে তা দেখার জন্য সেটি কাটার পরিকল্পনা করা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পারভেজ আলম নামে এক ব্যক্তি তাৎক্ষণিকভাবে স্থানীয় সেনাবাহিনী কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোনের (১৮ ইবি) একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। সম্ভাব্য যেকোনো দুর্ঘটনা এড়াতে সেনাসদস্যরা স্থানীয় বাসিন্দাদের নিরাপদ দূরত্বে সরিয়ে নেন এবং এলাকাটি ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত গোলাটিকে সম্ভাব্য সক্রিয় বিস্ফোরক হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষজ্ঞ দলের মাধ্যমে এটি পরীক্ষা ও শনাক্তকরণের পর আগামীকাল শনিবার (২১ নভেম্বর) নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিরাপদে নিষ্ক্রিয় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। গোলাটি নিষ্ক্রিয় না করা পর্যন্ত ঘটনাস্থলের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে হিল আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

অনলাইন ডেস্ক