ডেস্ক রিপোর্ট, রাঙামাটি :
রাঙামাটি রাজবন বিহারে আয়োজিত ৫০তম মহান শুভ দানোত্তম কঠিন চীবর দান অনুষ্ঠানকে ঘিরে জমে উঠেছে হাজারো ভক্ত-পুণ্যার্থী ও দর্শনার্থীর মিলনমেলা। এই ধর্মীয় আয়োজনে আগত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিহার প্রাঙ্গণে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে স্বেচ্ছাসেবী সংগঠন উদ্যম যুব ফাউন্ডেশন।
সংগঠনটির সাধারণ সম্পাদক আকিহিতো চাকমা বলেন, অনুষ্ঠানে পুণ্যময় পরিবেশে দূর-দূরান্ত থেকে আসা পুণ্যার্থী ও দর্শনার্থীদের সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও প্রাথমিক চিকিৎসাসেবা দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ক্যাম্পের কার্যক্রম বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়েছে এবং শুক্রবার সারাদিনব্যাপী মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে আগতরা বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও স্ক্রিনিং, ডায়াবেটিস বা রক্তে শর্করা পরীক্ষা, রক্তচাপ মাপা এবং সাধারণ স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা পাচ্ছেন। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদাতা সংগ্রহের কার্যক্রমও চলছে সেখানে।
উদ্যম যুব ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় আচার-অনুষ্ঠানে অংশ নেওয়ার পাশাপাশি পুণ্যার্থীরা যেন নিজেদের ও পরিবারের সদস্যদের শারীরিক সুস্থতার বিষয়ে সচেতন থাকেন, সে লক্ষ্যেই এই সেবা দেওয়া হচ্ছে। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রাজবন বিহার প্রাঙ্গণের নির্ধারিত বুথে এই সেবা নিতে দেখা যায়।

অনলাইন ডেস্ক