মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির মানিকছড়িতে মং রাজবাড়ী আর্ট এন্ড কালচার ইনস্টিটিউটের নতুন ভবন নির্মাণের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করা হয়েছে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের অর্থায়নে ভবনটি নির্মিত হবে।
সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টার দিকে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়। প্রস্তাবিত ভবনটি মংরাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কুমার সুইচিংপ্রু সাইনের বাসভবনের পশ্চিম পাশের জায়গায় নির্মাণ করা হবে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ইনস্টিটিউটের পরিচালক নে ঈ চেইং ডালিয়া, মানিকছড়ি উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ জয়নাল আবেদীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমার প্রতিনিধি অংগ্য মারমা এবং কর্নেল বাগানের ব্যবস্থাপক বাদল কান্তি সেন।
মানিকছড়ি খালের পাড়ের সবুজ গাছপালা ঘেরা নির্ধারিত স্থানটি ঘুরে দেখেন এবং ভবন নির্মাণের সার্বিক পরিবেশ ও কারিগরি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এ সময় তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, নতুন এই ভবনটি নির্মিত হলে পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতির চর্চা ও প্রসারে ইনস্টিটিউটটি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনলাইন ডেস্ক