প্রকাশের সময়: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ । ২:৪০ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মং রাজবাড়ি: মানিকছড়িতে জমে উঠেছে দিনব্যাপী সত্যবুদ্ধ মেলা

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রামের মং সার্কেলের ঐতিহ্যবাহী মানিকছড়ি মং রাজবাড়ির রাজ জেতবন বৌদ্ধবিহার প্রাঙ্গণে বসেছে শতবর্ষী ঐতিহ্যবাহী দিনব্যাপী ‘সত্যবুদ্ধ মেলা’।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সূর্যোদয়ের পর থেকেই বৌদ্ধধর্মাবলম্বী পুণ্যার্থী ও দূরদূরান্ত থেকে আসা নানা শ্রেণি-পেশার দর্শনার্থীদের পদচারণে মুখর হয়ে ওঠে পুরো রাজবাড়ি প্রাঙ্গণ।

মং রাজ পরিবার সূত্রে জানা গেছে, বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে মং সার্কেলের পঞ্চম মং রাজা মংপ্রু সাইন বাহাদুর খাগড়াছড়ির গুইমারা উপজেলার চাইংগুলিপাড়ার অরণ্যে এক প্রজার কুড়িয়ে পাওয়া একটি বুদ্ধমূর্তি মানিকছড়ির রাজ জেতবন বৌদ্ধবিহারে স্থাপন করেন। এরপর থেকে বৌদ্ধধর্মীয় রীতি অনুযায়ী প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমায় এ মেলার আয়োজন করা হয়, যা স্থানীয়ভাবে ‘সত্যবুদ্ধ মেলা’ নামে পরিচিত।

আয়োজিত হাজারো নারী-পুরুষ, শিশু-কিশোর ও বয়োজ্যেষ্ঠরা বিহারে রক্ষিত বুদ্ধমূর্তির উদ্দেশ্যে পূজা-অর্চনা, মোমবাতি প্রজ্বালন ও বিশেষ প্রার্থনায় অংশ নেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাজবাড়ির মাঠ ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে ওঠে। মেলাকে কেন্দ্র করে রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরাও, যা পুণ্যার্থী ও দর্শনার্থীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

মেলার সার্বিক আয়োজন প্রসঙ্গে মংপ্রু সাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও প্রয়াত মং রাজার জ্যেষ্ঠ দৌহিত্র কুমার সুইচিংপ্রু সাইন বলেন, ‘সত্যবুদ্ধ মেলায় অগণিত মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে, ধর্ম ও ঐতিহ্যের প্রতি মানুষের এখনো অগাধ বিশ্বাস ও শ্রদ্ধা রয়েছে। ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনে পুণ্যার্থীরা মেলা উপভোগের পাশাপাশি সত্যবুদ্ধকে প্রণাম ও প্রার্থনায় অংশ নিচ্ছেন।’
ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়ে দিনব্যাপী চলবে এ মেলা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন