রুপম চাকমা, দিঘীনালা প্রতিনিধি :
খাগড়াছড়ির দিঘীনালায় পাহাড়ি ও বাঙালি সম্প্রদায়ের প্রায় এক হাজার মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। চিকিৎসাসেবার পাশাপাশি ছানি আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের দায়িত্ব নেওয়ার ঘোষণাও দিয়েছে দিঘীনালা জোন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার মিনি স্টেডিয়াম মাঠে এ চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়। চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের তত্ত্বাবধানে পরিচালিত কর্মসূচিতে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন।
সাজেক, বাঘাইহাট, জোড়া ব্রিজসহ উপজেলার বিভিন্ন দুর্গম এলাকা থেকে আসা রোগীদের চোখ পরীক্ষা করেন চিকিৎসকেরা। এ সময় তাদের প্রয়োজনীয় পরামর্শ ও বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
সেবা নিতে আসা স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেন। দুর্গম পাহাড়ি এলাকায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার এমন কার্যক্রম নিয়মিত চালু রাখার প্রত্যাশাও জানান তারা।

অনুষ্ঠানে দিঘীনালা জোনের ক্যাপ্টেন মো. আরিফ বলেন, পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন সময় জনকল্যাণমূলক উদ্যোগ নিয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এবার চক্ষু চিকিৎসা কার্যক্রমের আয়োজন করা হয়েছে।
তিনি আরও জানান, চিকিৎসা নিতে আসা যেসব রোগীর ছানি অস্ত্রোপচার প্রয়োজন, তাদের সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে চট্টগ্রামে নেওয়া হবে। সেখানে উন্নত চিকিৎসার পাশাপাশি অস্ত্রোপচারের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হবে।

অনলাইন ডেস্ক