সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যাঁ, আলীকদম (বান্দরবান) প্রতিনিধি:
গম ও ভুট্টার উৎপাদন বৃদ্ধি এবং আধুনিক চাষাবাদ প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে বান্দরবানের আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাধ্যমে কৃষকদের কে প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) আলীকদমে কারিতাস পিএইপি-৩ প্রকল্প কার্যালয়ে বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কেন্দ্র, জয়দেবপুর,গাজীপুরের সহায়তায় ‘গম ও ভুট্টার নতুন জাত প্রদর্শনী’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন পাড়া থেকে কারিতাস পিএইপি-৩ প্রকল্পের ২০ জন উপকারভোগী কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তা তৌহিদুল ইসলাম ও খামার তত্ত্বাবধায়ক মো. সাইদুল ইসলাম। 
এ সময় কারিতাস পিএইপি-৩ প্রকল্পের মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা এবং মাঠ সহায়ক মোহাম্মদ রবিউল ইসলাম সোহেল, সামশুল হক, ক্যথোয়াইপ্রু মারমা, শেফালী ত্রিপুরা ও বকুল বিকাশ চাকমা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে ১০ জন গমচাষির প্রত্যেককে ১২ কেজি গমবীজ, ২১ কেজি ইউরিয়া, ১৩ কেজি এমওপি, ১২ কেজি টিএসপি, ১০ কেজি জিপসাম, ৬০০ গ্রাম বোরন, একটি সাইনবোর্ড ও একটি খুঁটি বিতরণ করা হয়।
এছাড়াও ১০ জন ভুট্টা চাষির প্রত্যেককে দুই কেজি ভুট্টা বীজ,৪৮ কেজি ইউরিয়া,২০ কেজি টিএসপি, ২৮ কেজি এমওপি, ১৬ কেজি জিপসাম, ৮০০ গ্রাম বোরন ও ১ দশমিক ২ কেজি জিংক দেওয়া হয়। কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে পরিচিত করা, উন্নত জাতের গম ও ভুট্টা চাষে উদ্বুদ্ধ করা এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা করাই এ প্রশিক্ষণ ও উপকরণ বিতরণের মূল উদ্দেশ্য।

অনলাইন ডেস্ক