রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে রাঙামাটির কাপ্তাইয়ে এক বিশেষ অভিজ্ঞতা বিনিময় ও শিক্ষণ সফর (এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যান্ড লেসন লার্নিং ভিজিট) অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কাপ্তাইয়ের চন্দ্রঘোনা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকা বারঘোনিয়া তঞ্চঙ্গ্যা পাড়ায় এই কর্মসূচি পালিত হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের আয়োজনে ‘কমিউনিটি রেজিলিয়েন্স থ্রু লোকালি-লেড ইনক্লুসিভ অ্যাডাপ্টেশন প্রজেক্ট (CoRLIA)’-এর আওতায় আয়োজিত এ অনুষ্ঠানে (এক্সপেরিয়েন্স শেয়ারিং অ্যান্ড লেসন লার্নিং ভিজিট) (ডব্লিউসিআরসি)-এর সদস্য, ইয়ং অ্যাডভোকেট এবং সংশ্লিষ্ট অংশীজনেরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে নিহার রঞ্জন তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে এবং লেলিনা চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য তিমথী খেয়াং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউএনডিপি District Manager বিহীত বিধান খীসা, করলিয়া কম্পোনেন্ট এর জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা, রাজস্থলী উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জয়নাল উদ্দিন ও প্রকাশ দে, কাপ্তাই উপজেলা প্রাণিসম্পদ উপসহকারী কর্মকর্তা মনোরঞ্জন তঞ্চঙ্গ্যা, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট চিংনুমং মারমা, বাঙালহালিয়া ইউপি প্রতিনিধি মো. কামাল হোসেন, ঘিলাছড়ি ইউপি প্রতিনিধি উদয় কুমার এবং গাইন্দ্যা ইউপি প্রতিনিধি ক্যাসাচিং মারমা। এ ছাড়াও স্থানীয় হেডম্যান, কার্বারি, আথুই তঞ্চঙ্গ্যাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রকল্পের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভার আগে অতিথিরা প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় উপকারভোগীদের ১০ মাস আগে দেওয়া ৪ হাজার ৫০০ টাকা অনুদানের অর্থে গড়ে তোলা শাকসবজির খেত, কেঁচো সার (ভার্মি কম্পোস্ট) উৎপাদন ও জৈব সার প্রয়োগ পদ্ধতি এবং মুরগি পালনের খামার ঘুরে দেখেন তাঁরা। পাশাপাশি সৌরশক্তিচালিত গভীর নলকূপের মাধ্যমে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ প্রকল্পটিও পরিদর্শন করা হয়।

সভায় জানানো হয়, এই প্রকল্পের আওতায় বিপদাপন্ন নারী দলের সদস্যদের দেওয়া আর্থিক অনুদান তাঁদের বিকল্প জীবিকায়ন ও স্বাবলম্বী হতে সহায়তা করছে। এ ছাড়া কমিউনিটি পর্যায়ে সোলার প্যানেল ও গভীর নলকূপ স্থাপনের ফলে বারঘোনিয়া তঞ্চঙ্গ্যা পাড়ার ৩৫টি পরিবারের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট দূর হয়েছে। পরিদর্শন ও আলোচনা সভায় বারঘোনিয়া ও গোলকধন এলাকার ডব্লিউসিআরসি-ভিত্তিক বিভিন্ন সফল উদ্যোগ তুলে ধরা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো— সৌরশক্তির মাধ্যমে গভীর নলকূপ থেকে খাবার পানি ও কর্ণফুলী নদী থেকে ব্যবহার্য পানি সরবরাহ, কৃষিপণ্য বাজারজাতকরণ ও যাতায়াতের সুবিধার্থে কাঁচা রাস্তা নির্মাণ, যৌথভাবে মাশরুম, কচু ও বিলাতি ধনিয়া চাষ এবং পরিবারভিত্তিক ছাগল পালন। পাশাপাশি ইউনিয়ন পরিষদ ও ডব্লিউসিআরসি সদস্যদের পরিকল্পনা প্রণয়ন, আর্থিক ব্যবস্থাপনা ও বাজেট বিষয়ক প্রশিক্ষণ, বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় গণশুনানি, যুব দল গঠন, বৃক্ষরোপণ এবং বিশ্ব পরিবেশ ও পানি দিবস উদযাপনের বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
সভায় বক্তারা প্রান্তিক জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে স্থানীয় সরকারের সঙ্গে সিভিল সোসাইটি ও যুব সমাজের এমন সমন্বিত উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং দুর্গম পাহাড়ি অঞ্চলের টেকসই উন্নয়নে ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক