প্রকাশের সময়: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬ । ৪:২৮ পিএম প্রিন্ট এর তারিখঃ রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকছড়ি রাজবাড়ী পরিদর্শন করলেন পার্বত্য মন্ত্রী সাচিং প্রু জেরি; রাজ পরিবারের উষ্ণ সংবর্ধনা

অনলাইন ডেস্ক

 

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:

খাগড়াছড়ির ঐতিহ্যবাহী মানিকছড়ি মং রাজবাড়ী পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী সাচিং প্রু জেরী, খাগড়াছড়ি আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ওয়াদুদ ভূইয়া এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

শনিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় দিকে সরকারি সফরে পার্বত্য মন্ত্রী ও অন্যান্য অতিথিবৃন্দ রাজবাড়ীতে পৌঁছালে প্রয়াত মং রাজা মংপ্রু সাইন বাহাদুরের দ্বিতীয় দৌহিত্র কুমার সুইচিং প্রু সাইন এবং রাজপরিবারের অন্যান্য সদস্যরা তাঁদের ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ সংবর্ধনা জানান।

এসময় অতিথিরা ঐতিহ্যবাহী এই রাজবাড়ীর ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখেন এবং রাজপরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনকালে পার্বত্য অঞ্চলের ঐতিহ্য সংরক্ষণ এবং এলাকার সার্বিক উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

 

অতিথিরা ঐতিহ্যবাহী এই রাজবাড়ীর বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন এবং পূর্ববর্তী মং রাজাদের ব্যবহৃত নানা ঐতিহাসিক ও দুর্লভ নিদর্শনগুলো গভীর আগ্রহ নিয়ে পর্যবেক্ষণ করেন। এক পর্যায়ে স্থানীয় শিশু শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর ‘ময়ূর নৃত্য’ উপভোগ করেন অতিথিবৃন্দ। শেষে দিকে রাজবাড়ী আগমন উপলক্ষে কেক কাটা হয়।

এসময় রামগড় সার্কেল ওবাইন রাখাইন, মানিকছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদ খান চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য রুমেল মারমা, মংসাপ্রু চৌধুরী, উপজেলা বিএনপি সভাপতি হাবিবুর রহমান হাবিব, সাধারণ সম্পাদক মো. মীর হোসেনসহ এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন