নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়িঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ও যুব শক্তির যুগ্ম সদস্য সচিব রিমি আক্তারের ওপর সশস্ত্র হামলার ঘটনায় খাগড়াছড়িতে তীব্র প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ জুন) সন্ধ্যায় খাগড়াছড়ি শহরের চেঙ্গীস্কোয়ার থেকে একটি প্রতিবাদী মশাল মিছিল শুরু হয়ে শহরের শাপলা চত্বরে গিয়ে প্রদক্ষিণ শেষে মুক্ত মঞ্চে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে এনসিপি খাগড়াছড়ি জেলার যুগ্ম সমন্বয়কারী বিপ্লব ত্রিপুরার সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় দক্ষিণাঞ্চল মুখ্য সংগঠক ও জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা, যুব শক্তির কেন্দ্রীয় সদস্য ও জেলা প্রতিনিধি হারিছুর রহমান রনি, এনসিপি জেলা সদস্য থুইচিং মারমা।
এছাড়া সমাবেশের সঞ্চালনায় ছিলেন জেলা সদস্য আবদুর রহমান সাহাদ। এতে স্বাগত বক্তব্য দেন জেলা সদস্য শুভর চাকমা শুভ।
বক্তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, “গণতন্ত্রে ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে গণতান্ত্রিক রাজনৈতিক দলের কণ্ঠরোধের কোনো স্থান নেই এবং তা কখনোই সফল হবে না।”

অনলাইন ডেস্ক