ছবি এবং অভিযোগের কপি সংযুক্ত
মানিক সাহা, গাইবান্ধা:
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জের একটি মাদ্রাসার সুপারের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, সীমাহীন দুর্নীতি, ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে নিয়োগ বাণিজ্যের বিভিন্ন অভিযোগ উঠেছে। মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া তমিজ উদ্দিন আহম্মদীয়া দাখিল মাদ্রাসা সুপার সুপার আব্দুল করিম মন্ডলের বিরুদ্ধে বিক্ষুব্ধ এলাকাবাসীর পক্ষে মাদ্রাসাটির ম্যানেজিং কমিটির সদস্য মো: জাকির হোসেন এসব দুর্নীতির প্রতিকার চেয়ে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন।

গত ১৯ অক্টোবর গাইবান্ধা জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রদান করা অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামে অবস্থিত বালুয়া তমিজ উদ্দিন আহম্মদীয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল করিম বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের নিকট থেকে টিউশন ফি, মাদ্রসার সরকারি-বেসরকারি অভ্যন্তরিন আয়-ব্যয়, শিক্ষার্থীদের উপবৃত্তির নামে ফিস আদায় করে ম্যানেজিং কমিটি ও অন্যান্য শিক্ষকদের অগোচরে আতœসাৎ করেছেন। এছাড়াও ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জাল করে টিউশন ফির টাকা আত্মসাৎ করেছেন।
অভিযোগের আরও জানা গেছে, সুপার আব্দুল করিম ২০১৪-২০১৫ সালের তৎকালিন ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর জালিয়াতি করে প্রতিষ্ঠানটির কম্পিউটার ক্রয়ের টাকা আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি সরকরি নীতিমালার তোয়াক্কা না করে মোটা অর্থের বিনিময়ে ভূয়া কাগজপত্র তৈরি করে ব্যাকডেটে কম্পিউটার শিক্ষকসহ শিক্ষক-কর্মচারিসহ ৭-৮ জনকে নিয়োগ দিয়েছেন। সেক্ষেত্রে নিয়োগ বোর্ড, নিয়োগ বিজ্ঞপ্তি ডিজির প্রতিনিধিসহ সকল কাগজপত্র ও স্বাক্ষর জাল করে নিয়োগ দিয়েছেন। ইতোমধ্যেই তাদের ইনডেক্স যুক্ত হয়েছে এবং বেতন এমপিও ভুক্তির দ্বারপ্রান্তে রয়েছে।

অভিযোগকারি ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন জানান, মাদ্রাসার সুপার আব্দুল করিম একজন দুর্নীতিবাজ। তিনি প্রতিষ্ঠানে নিয়মিত আসেন না। প্রতিষ্ঠানের কাগজপত্র তিনি নিজের বাড়িতে রাখেন। প্রতিষ্ঠানের রেজুলেশন খাতায় নিজের ইচ্ছামত লিখে ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষর নিজেই করেন। ইতোপূর্বেও তিনি গাইবান্ধা- ৪ আসনের তৎকালীন সংসদ সদস্য মনোয়ার হোসেন চৌধুরীর স্বাক্ষর জাল করে জেল খেটেছেন।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাদ্রাসার সুপার আব্দুল করিম মন্ডলের মোবাইল ফোনে বহুবার কল করেও তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। অবশেষে তার সাথে কথা বলতে গতকাল কয়েকজন গণমাধ্যম কর্মী তার বাড়িতে গেলেও তিনি তাদের সাথে দেখা করেননি।
এলাকাবাসী অবিলম্বে দুর্নীতিবাজ ওই সুপারের অনৈতিক কর্মকান্ডের তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

অনলাইন ডেস্ক