প্রকাশের সময়: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫ । ৭:৪৮ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

খাগড়াছড়ি-২৯৮ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড়: 

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে খাগড়াছড়ি-২৯৮ নং সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করছেন। এ পর্যন্ত মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেন। মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ওয়াদুদ ভুইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মো. এয়াকুব আলী চৌধুরী।

খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা এস. এম. শাহাদাত হোসেন ২৪ ডিসেম্বর (বুধবার) বিষয়টি নিশ্চিত করে জানান, এ পর্যন্ত ১০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তিনি বলেন, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ২৯ ডিসেম্বর। নির্বাচন আচরণবিধি ও বিধিমালা অনুযায়ী সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন তৎপর রয়েছে। খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসনটি মোট ৯টি উপজেলা নিয়ে গঠিত। এছাড়া অন্যান্য যেসব প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তারা হলেন— স্বতন্ত্র প্রার্থী সমীরণ দেওয়ান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে শাপলা প্রতীকের অ্যাডভোকেট মজিলা ঝুমা, ইনসানিয়াত বিপ্লব দলের আপেল প্রতীকের মো. নরুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী সোনা রতন চাকমা, ধর্ম জ্যোতি চাকমা, লাব্রিচাই মার্মা, মো. কাওসার (হাতপাখা প্রতীক) এবং সাসোষিত চাকমা। জেলা নির্বাচন কার্যালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

এদিকে বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের শেষ সময় ৪ জানুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন