“শিক্ষা, কর্মসংস্থান ও উন্নয়নের প্রতিশ্রুতি”
সাইফুল ইসলাম, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি :
খাগড়াছড়ির রামগড়ে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের ২৯৮ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়াদুদ ভূঁইয়ার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রামগড় উপজেলার ২নং পাড়াছড়া ইউনিয়নে রামগড় উপজেলা ও ওয়ার্ড বিএনপির উদ্যোগে এ বৈঠক আয়োজন করা হয়।
উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক শেফায়েত মোর্শেদ ভূঁইয়া মিঠু। এছাড়াও জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ বৈঠকে অংশ নেন।
বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত করার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভূঁইয়াকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে দলীয় নেতাকর্মী ও সাধারণ জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বক্তারা আরও বলেন, ওয়াদুদ ভূঁইয়া নির্বাচিত হলে রামগড়সহ পার্বত্য অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার দেওয়া হবে। বিশেষ করে এলাকার শিক্ষিত বেকার যুবক-যুবতীদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং ক্ষুদ্র উদ্যোক্তা গড়ে তুলতে সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়।
এছাড়া বক্তারা দীর্ঘদিন ধরে চলে আসা এলাকার অবকাঠামোগত সমস্যা, পানীয় জলের সংকট, সড়ক যোগাযোগের দুরবস্থা ও নাগরিক সেবার ঘাটতি নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
উঠান বৈঠকে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে তাদের মতামত তুলে ধরেন এবং নির্বাচনে অংশগ্রহণের মাধ্যমে গণতন্ত্রকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক