উচ্চপ্রু মারমা, রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ানে, রাঙামাটির রাজস্থলী উপজেলার বিভিন্ন দুর্গম পাহাড়ে এলাকায় ব্যাপক জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এই গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে রাজস্থলী উপজেলাধীন পাহাড়ি দুর্গম এলাকা গাইন্দ্যা, হলুদিয়া, চুশাক পাড়া, তালুকদার পাড়া,নোয়াপাড়া পাড়া এবং বাঙ্গালহালিয়া বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি মতবিনিময় করা হয়। নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।

পথসভা বিতরণকালে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। দীর্ঘদিন ধরে অবহেলিত যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার সংকট, কর্মসংস্থানের অভাব এবং নিরাপত্তাজনিত নানা সমস্যার কথা তুলে ধরেন স্থানীয় বাসিন্দারা। তারা একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও উন্নয়নমুখী রাজস্থলীর প্রত্যাশা ব্যক্ত করেন।
গণসংযোগকালে বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নির্বাচনী কার্যক্রমে অংশ নেন এবং নেতাকর্মীদের সাংগঠনিকভাবে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান। এ সময় রাজস্থলীর বিভিন্ন এলাকার জনগণের মাঝে নির্বাচনী উৎসবের আমেজ সৃষ্টি হয়।

পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান,বলেন, রাজস্থলী ও পার্বত্য রাঙামাটির মানুষ বহু বছর ধরে অবহেলা, বৈষম্য ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছে। এখানে পাহাড়ি-বাঙালি বিভেদ নয়—আমরা সবাই এই অঞ্চলের সন্তান। সবার সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করাই হবে আমার রাজনীতির মূল অঙ্গীকার, আমি নির্বাচিত হলে সর্বপ্রথম দুর্গম পাহাড়ি এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কাজ করব, যাতে শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি সেবাগুলো সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছায়। তরুণ সমাজকে মাদক, সহিংসতা ও হতাশা থেকে দূরে রেখে কর্মসংস্থান ও আত্মনির্ভরশীলতার পথে এগিয়ে নেওয়ার উদ্যোগ গ্রহণ করব।
তিনি আরো বলেন, পার্বত্য অঞ্চলে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়। আমি প্রতিশ্রুতি দিচ্ছি—শান্তি, সম্প্রীতি ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠার মাধ্যমে রাজস্থলীকে একটি নিরাপদ ও উন্নয়নমুখী জনপদে রূপান্তর করব।
ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়—এটি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার ও ন্যায়বিচারের প্রতীক। আপনারা যদি আমাকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করেন, আমি সংসদে রাজস্থলীর মানুষের কণ্ঠস্বর হয়ে কথা বলব এবং এই অঞ্চলের ন্যায্য দাবি আদায়ে নিরলসভাবে কাজ করব।

এসময় উপস্থিত ছিলেন ২৯৯নং রাঙামাটি সংসদীয় আসনে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ান, জেলা বিএনপি উপদেষ্টা,থোয়াইসুইখই চৌধুরী,বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-উপজাতি বিষয়ক সম্পাদক কর্ণেল (অবঃ) মনিষ দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দিপু, সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহসভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী বাবর, রাঙামাটি জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমনসহ জেলা ও উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছিলেন।।

অনলাইন ডেস্ক