প্রকাশের সময়: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬ । ৩:২৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৭ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২

রামগড়ের পাতাছড়ায় গ্রামীণ সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ বালুর পরিবর্তে ব্যবহার হচ্ছে পাহাড়ের লালমাটি

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার ২ নম্বর পাতাছড়া ইউনিয়নে গ্রামীণ সড়ক নির্মাণকাজে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে আসন্ন বর্ষা মৌসুমেই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৪–২৫ অর্থবছরে ইউনিয়ন পরিষদ ভবন থেকে প্রায় ৪ দশমিক ৯৫০ কিলোমিটার সড়কের সলিং উঠিয়ে কার্পেটিং করার জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) বিশেষ বরাদ্দ দেয়। টেন্ডারের মাধ্যমে এমএস রিফ এন্টারপ্রাইজ ও এমএস ইমু এন্টারপ্রাইজ নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি দুই ভাগে বাস্তবায়নের দায়িত্ব পায়। তবে নির্মাণকাজ শুরুর পর থেকেই কাজের মান নিয়ে প্রশ্ন ওঠে।

এলাকাবাসীর অভিযোগ, যেখানে নিয়ম অনুযায়ী বালু ব্যবহারের কথা, সেখানে বালুর পরিবর্তে পাহাড়ি লাল মাটি ব্যবহার করা হচ্ছে। এছাড়া এস (কংক্রিট) ঢালাইয়ের পর পুনরায় বালু দেওয়ার বিধান থাকলেও সেখানেও একইভাবে পাহাড়ি মাটি ব্যবহার করা হয়েছে বলে দাবি তাদের।

রাজনৈতিক সমস্যার আশঙ্কায় নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা বলেন, “আমরা কয়েকবার ঠিকাদারের লোকজনকে বিষয়টি জানিয়েছি। কিন্তু তারা আমাদের অভিযোগ আমলে নেয়নি। এভাবে নিম্নমানের কাজ হলে বর্ষা শুরু হলেই রাস্তা ভেঙে যাবে।” এলাকাবাসীর আশঙ্কা, নিম্নমানের উপকরণ ব্যবহারের ফলে অল্প সময়ের মধ্যেই সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়তে পারে। এতে স্থানীয় শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হবে।

এ বিষয়ে রিফ এন্টারপ্রাইজ ও ইমু এন্টারপ্রাইজের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে সংযোগ না পাওয়ায় তাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

রামগড় উপজেলা এলজিইডি কর্মকর্তা মো. নাইমুল ইসলাম বলেন, “অভিযোগের বিষয়টি আমাদের নজরে এসেছে। শিগগিরই সরেজমিনে পরিদর্শন করে কাজের মান যাচাই করা হবে। অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন