মথি ত্রিপুরা,রুমা (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলার বেতছড়া ১২ মাইল ওয়াই জংশন বাজার এলাকায় দীর্ঘদিন ধরে তীব্র সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।
সরেজমিনে গিয়ে দেখা যায় শুকনো মৌসুমে এলাকার ঝিরি-নালা প্রায় শুকিয়ে যাওয়ায় বাজার ও আশপাশের বসতিতে বসবাসরত মানুষের মধ্যে পানির জন্য প্রতিদিন ভোর থেকেই প্রতিযোগিতা শুরু হয়। নিরাপদ পানির অভাবে চরম ভোগান্তিতে পড়েছেন বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাজার সংলগ্ন একটি মৃতপ্রায় ঝিরিই বর্তমানে এলাকার মানুষের পানির প্রধান উৎস। প্রতিদিন ভোরের আলো ফোটার আগেই নারী–পুরুষ, বিশেষ করে গৃহিণীরা কলস, বালতি ও বিভিন্ন পাত্র নিয়ে সেই ঝিরির পাশে ভিড় জমাতে শুরু করেন। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে সামান্য পানি সংগ্রহ করতে হয় তাদের। ভোরবেলা পানির জন্য প্রতিযোগিতামূলক এ দৃশ্য এখন বাজার এলাকার মানুষের নিত্যদিনের বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সেই ঝিরির পানিও নিরাপদ নয় বলে অভিযোগ এলাকাবাসীর। অতিরিক্ত মানুষের ব্যবহারের কারণে পানির স্বচ্ছতা নষ্ট হয়ে যায়। অনেকে একই জায়গায় গোসল করায় পানিতে ময়লা জমে এবং সাবানের গন্ধও পাওয়া যায়। ফলে পানি ঘোলাটে হয়ে পড়ে এবং পান করার জন্য অনুপযোগী হয়ে ওঠে।
স্থানীয়রা জানান, বাধ্য হয়ে এই দূষিত পানি পান করায় এলাকায় ডায়রিয়া, আমাশয় ও কলেরার মতো পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও বয়স্কদের স্বাস্থ্যঝুঁকি বেশি বলে মনে করছেন এলাকাবাসী।

এদিকে বাজারের পাশে অবস্থিত একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরাও সুপেয় পানির সংকটে ভুগছে। বিদ্যালয়ে নিরাপদ পানির পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় অনেক শিক্ষার্থীকে ঝিরির পানি ব্যবহার করতে হচ্ছে, যা তাদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে।
বর্তমান বাজার উন্নয়ন কমিটির সভাপতি সাংখাম ম্রো বলেন, বাজার এলাকায় দীর্ঘদিন ধরে সুপেয় পানির তীব্র সংকট চলছে। নিরাপদ পানির কোনো স্থায়ী ব্যবস্থা না থাকায় মানুষকে ঝিরির ওপর নির্ভর করতে হচ্ছে। বিষয়টি সমাধানে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
একজন দোকানদার বলেন, প্রতিদিন ভোরে মহিলাদের ঝিরিতে পানি তুলতে যেতে দেখে খুব কষ্ট লাগে। অনেক সময় একে অপরের পাশে পানিতে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এদিকে ঘরে ছোট ছোট সন্তানরা দূষিত পানি খাচ্ছে।
এলাকাবাসীর দাবি, নিরাপদ পানির ব্যবস্থা করা মানুষের মৌলিক অধিকার। তাই দ্রুত টিউবওয়েল, গভীর নলকূপ বা বিকল্প পানির উৎস স্থাপনের মাধ্যমে এই সংকট নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
স্থানীয়দের মতে, অবহেলিত এই দুর্গম বাজার এলাকায় সুপেয় পানির স্থায়ী সমাধান না হলে ভবিষ্যতে জনস্বাস্থ্য পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। তাই দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

অনলাইন ডেস্ক