ছন্দ সেন চাকমা :
রাঙ্গামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন গতকাল বিকেলে এক অনন্য মিলনমেলায় পরিণত হয়েছিল। পাহাড়ি জনগোষ্ঠীর শিল্প, সংস্কৃতি ও ঐতিহ্যের অতন্দ্র প্রহরী ‘জুম ইসথেটিক্স কাউন্সিল (জাক)’ তার পথচলার ৪৫ বছর পূর্ণ করল। আলোচনা সভা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নাট্য প্রদর্শনীর মধ্য দিয়ে উদযাপিত হলো এই মাইলফলক।

বিকেলের আলো যখন পাহাড়ের ভাঁজে মিশে যাচ্ছিল, তখন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিদের ঐতিহ্যবাহী উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন চাকমা রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। আলোকশিখার সেই দীপ্তি যেন পাহাড়ের সাংস্কৃতিক সংগ্রাম ও সাফল্যেরই প্রতিচ্ছবি হয়ে ফুটে ওঠে।
জাকের এই দীর্ঘ পথচলার বিভিন্ন অর্জন ও গবেষণালব্ধ তথ্য নিয়ে প্রকাশিত একটি বিশেষ স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী জনাব দীপেন দেওয়ান এবং উদ্বোধক রাজা দেবাশীষ রায়সহ বিশেষ অতিথিবৃন্দ মঞ্চে বইটির মোড়ক উন্মোচন করেন।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জনাব দীপেন দেওয়ান বলেন: “জাক কেবল একটি সংগঠন নয়, এটি আমাদের পার্বত্য অঞ্চলের সব জাতির সংস্কৃতির শেকড় সন্ধানের একটি আন্দোলন। ৪৫ বছরের এই নিরবচ্ছিন্ন যাত্রা আমাদের পরিচয়কে বিশ্বদরবারে তুলে ধরতে সাহায্য করেছে।
উদ্বোধক রাজা ব্যারিস্টার দেবাশীষ রায় তাঁর বক্তব্যে পাহাড়ি জনপদের ভাষা ও সংস্কৃতি রক্ষায় জুম ঈসথেটিক্স কাউন্সিলের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই উত্তরাধিকার পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

সভার আনুষ্ঠানিকতা শেষে মঞ্চে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। জুম পাহাড়ের ঐতিহ্যবাহী নাচ এবং গানের সুরে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। বিশেষ করে তরুণ শিল্পীদের পরিবেশিত নাটকটি দর্শকদের ভূয়সী প্রশংসা কুড়ায়, যা পাহাড়ি জীবনসংগ্রাম ও উৎসবের এক জীবন্ত দলিল হিসেবে প্রদর্শিত হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ অতিথিবৃন্দের জ্ঞানগর্ভ বক্তব্য এবং প্রধান অতিথির সমাপনী বার্তার পর সভাপতি তাঁর সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজু, সাংরাই ও বৈসুর এই উৎসবমুখর আবহে জাকের ৪৫ বছর পূর্তি অনুষ্ঠানটি রাঙ্গামাটির সাংস্কৃতিক ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

অনলাইন ডেস্ক