প্রকাশের সময়: শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ । ২:৩২ এএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩

রুমায় জাঁকজমকপূর্ণ আয়োজনে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই জলকেলি সম্পন্ন

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

বান্দরবানের রুমা উপজেলার সাংগু নদীর চরে আজ শনিবার (১৮ এপ্রিল) মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসবের শেষ পর্ব ‘জলকেলি’ অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে বরণ করে নিতে আয়োজিত এ উৎসব ঘিরে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রবংশ অনাথ আশ্রমের নির্বাহী পরিচালক উঃ নাইন্দিয়া থের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সদস্য মেম্যানু মারমা, পাইন্দু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উহ্লামং মারমা এবং রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রুমা উপজেলা কেন্দ্রীয় উৎসব উদযাপন কমিটির সভাপতি মংক্যসিং মারমা। এছাড়াও উপস্থিত ছিলেন রুমা থানার ওসি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এবং রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা।

জলকেলি অনুষ্ঠানে অংশ নেয়া বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। পানি ছিটিয়ে আনন্দ-উল্লাসে মেতে ওঠে তরুণ-তরুণীরা, যা উৎসবের প্রধান আকর্ষণে পরিণত হয়।

উৎসবে আগত দর্শনার্থীরা জানান, “ধর্ম যার যার, উৎসব সবার”—এই চেতনায় সাংগ্রাই উৎসবটি সকলের মাঝে সম্প্রীতি ও আনন্দের বার্তা ছড়িয়ে দিয়েছে।

মারমা সম্প্রদায়ের এই প্রাণের উৎসবের শেষ দিনে জলকেলির মধ্য দিয়ে পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে তারা।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন