মথি ত্রিপুরা রুমা প্রতিনিধি :
বান্দরবান জেলার রুমা উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথীর উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এতে জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ইউএনও লিজা আক্তার বিথী।
সভায় ইউএনও তার বক্তব্যে বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন ও সেবার মান বৃদ্ধি করতে হলে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তাদের আন্তরিকতা ও দায়বদ্ধতার সঙ্গে কাজ করতে হবে। তিনি স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনবান্ধব প্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে তিনি বলেন, প্রশাসন একা সবকিছু করতে পারে না, টেকসই উন্নয়নের জন্য জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। বিশেষ করে অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পর্যটন খাতের উন্নয়ন নিয়ে নানা প্রস্তাব তুলে ধরা হয়। ইউএনও এসব বিষয় গুরুত্ব সহকারে শুনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
উপস্থিত বক্তারা নবাগত ইউএনও’র এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের মতবিনিময় সভা প্রশাসন ও জনগণের মধ্যে সেতুবন্ধন তৈরি করে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করে।
আলোচনা শেষে ইউএনও লিজা আক্তার বিথী সবাইকে সাথে নিয়ে একত্রিত ভাবে রুমা উপজেলার উন্নয়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। সংশ্লিষ্টদের মতে, এ ধরনের উদ্যোগ উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও জনমুখী ও কার্যকর করতে সহায়ক ভূমিকা রাখবে।

অনলাইন ডেস্ক