প্রকাশের সময়: শুক্রবার, ১ মে, ২০২৬ । ৪:১২ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

রুমা প্রেসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত, সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র গৃহীত

অনলাইন ডেস্ক

 

মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি :

বান্দরবানের রুমা উপজেলা প্রেসক্লাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা। সভায় সর্বসম্মতিক্রমে প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের পদত্যাগপত্র গৃহীত হয়।

শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ১০টায় ২নং রুমা সদর ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান অফিসে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি শৈহ্লাচিং মারমা, অংবাচিং মারমা, উবাসিং মারমা, মথি ত্রিপুরা, মো. হাকিমসহ অন্যান্য সদস্যরা।

সভা শুরুর আগে বিগত মাসের সভার সিদ্ধান্ত ও আলোচ্য বিষয়সমূহ পুনরালোচনা করা হয়। পরে গত মাসের ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দের সাধারণ সম্পাদকের পদত্যাগ বা অব্যাহতি গ্রহণের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সদস্যদের কাছে বিষয়টি পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়।

এ সময় রুমা প্রেসক্লাবের স্থায়ী ভবন নির্মাণের জন্য জায়গা নির্ধারণ, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করা এবং সাংবাদিকদের পেশাগত উন্নয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

সভায় বক্তব্য রাখতে গিয়ে অংবাচিং মারমা বলেন, দীর্ঘদিন ধরে রুমা প্রেসক্লাবের কার্যক্রম চললেও এখনো সংগঠনটির নিজস্ব কোনো ভবন বা স্থায়ী কার্যালয় নেই। একটি স্থায়ী ভবন প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। সকল সদস্যকে ঐক্যবদ্ধ হয়ে পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়ার মাধ্যমে প্রেসক্লাবের উন্নয়নে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রুমা উপজেলার সার্বিক উন্নয়নে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

সভায় উপস্থিত সাংবাদিকরা সাধারণ সম্পাদকের গুরুত্বপূর্ণ শূন্য পদ দ্রুত পূরণের দাবি জানান। এ সময় সাংবাদিক উবাসিং মারমা আংশিকভাবে অংবাচিং মারমার নাম প্রস্তাব করে বলেন, সাধারণ সম্পাদক পদে এমন একজনকে দায়িত্ব দিতে হবে, যিনি সৎ, সত্যবাদী, দায়িত্বশীল এবং সংগঠনের স্বার্থে নিবেদিত থাকবেন।

সভাপতি শৈহ্লাচিং মারমা সমাপনী বক্তব্যে বলেন, রুমা প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সংগঠন হিসেবে গড়ে তুলতে সবাইকে আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। তিনি দ্রুত সময়ের মধ্যে সাধারণ সম্পাদক পদে যোগ্য ব্যক্তিকে নির্বাচনের আশ্বাস দেন এবং জানান, খুব শিগগিরই সকল সদস্যকে নিয়ে বিশেষ সভার আয়োজন করা হবে। সদস্যদের মতামতের ভিত্তিতে শূন্য পদ পূরণের পাশাপাশি প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন, ভবন নির্মাণ ও সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন