সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা,
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :
বান্দরবানের আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের মাতামুহুরী মাধ্যমিক বিদ্যালয়ে আজ “জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক প্রচারণা অভিযান” অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মসূচি ছিল প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ও প্রধান শিক্ষক পরিবেশ সংরক্ষণের গুরুত্ব ও ছাত্র-ছাত্রীর ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়, যা ইউএনডিপি ও পার্বত্য জেলা পরিষদের যৌথ বাস্তবায়িত একটি প্রকল্প এবং ERRD-CHT প্রকল্পের অধীন উপ-প্রকল্প।
অনুষ্ঠানে প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার অংসাইন প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম এবং এ ধরনের সচেতনতা অভিযানের গুরুত্ব সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন।
আলীকদম উপজেলা জীববৈচিত্র্য ও পরিবেশ ফ্যাসিলিটেটর অংসেপ্রু মারমা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। কর্মসূচিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত বক্তব্য প্রদান করে এবং একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানের শেষে সকল অংশগ্রহণকারী জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অঙ্গীকারবদ্ধ হয়ে শপথপত্রে স্বাক্ষর করেন।

অনলাইন ডেস্ক