সাইফুল ইসলাম, রামগড় :
খাগড়াছড়ির রামগড় উপজেলায় কৃষি উন্নয়ন ও পুষ্টি নিরাপত্তা জোরদারে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম এবং সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার গোলাম সাকলাইন।
কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুমন মিয়া। তিনি তার বক্তব্যে স্থানীয় পর্যায়ে আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ, পুষ্টি সমৃদ্ধ ফসল উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক উংকার বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্টনার প্রকল্পের রাঙামাটি জেলার সিনিয়র মনিটরিং অফিসার মোঃ শাহরিয়াজ বিশ্বাস, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ জসিম, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম, কৃষকদলের সভাপতি মোঃ কামাল উদ্দিন এবং রামগড় প্রেস ক্লাবের সভাপতি মোঃ নিজাম উদ্দিন লাভলু।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, কৃষি খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হলে আধুনিক প্রযুক্তির ব্যবহার, জলবায়ু সহনশীল কৃষি পদ্ধতি এবং পুষ্টি সংবেদনশীল উৎপাদন ব্যবস্থার বিকল্প নেই। তারা কৃষকদের প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ে জ্ঞান বিনিময়ের মাধ্যমে উৎপাদন বৃদ্ধি এবং উদ্যোক্তা সৃষ্টি করার ওপর গুরুত্ব দেন।
কর্মশালায় কৃষি বিষয়ক বিভিন্ন দিক যেমন—সমন্বিত বালাই ব্যবস্থাপনা, জৈব সার ব্যবহার, পুষ্টিকর ফসল চাষাবাদ, বাজারজাতকরণ কৌশল এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এছাড়াও কর্মশালায় রামগড় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক-কৃষানি, উদ্যোক্তা, সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক এবং কৃষি বিভাগের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
কর্মশালাটি অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

অনলাইন ডেস্ক