প্রকাশের সময়: সোমবার, ১১ মে, ২০২৬ । ৩:৩৭ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৫ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

কাপ্তাইয়ে গ্রামীণ নারীদের দক্ষতা বৃদ্ধিতে ৪ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

অনলাইন ডেস্ক

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :

​রাঙ্গামাটির কাপ্তাইয়ে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ)-এর উদ্যোগে সুফলভোগী সদস্যদের নিয়ে চার দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১১ মে) সকাল ১০টায় কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে ‘পিডিবিএফ কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)’ এর আওতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

​উপজেলা সহকারী প্রকল্প পরিচালকের কার্যালয় আয়োজিত এই কর্মসূচিতে মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

১. উন্নত পদ্ধতিতে শাক-সবজি চাষ।

২.সমিতির সভানেত্রী ও দলনেত্রীদের সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি।

৩. গ্রামীণ জনপদে সামাজিক সচেতনতা বৃদ্ধি।

​কাপ্তাই উপজেলা সহকারী প্রকল্প পরিচালক মো. ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার আহসান হাবিব। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তৃণমূল পর্যায়ে দারিদ্র্য বিমোচনে নারীদের নেতৃত্ব ও কৃষিভিত্তিক দক্ষতা অর্জনের বিকল্প নেই। এই প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সদস্যরা নিজেদের স্বাবলম্বী করার পাশাপাশি দেশের অর্থনীতিতে অবদান রাখতে পারবেন।”

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ বিশিষ্ট সাংবাদিক মাহফুজ আলম। এছাড়া স্থানীয় সুশীল সমাজের ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​প্রশিক্ষণের প্রথম দিনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা ৬০ জন নারী প্রশিক্ষনার্থী (সমিতির সভানেত্রী ও দলনেত্রী) অংশগ্রহণ করেন। আগামী চার দিনব্যাপী বিভিন্ন সেশনে হাতে-কলমে সবজি চাষ এবং নেতৃত্বদানের কলাকৌশল সম্পর্কে তাদের ধারণা দেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ নিউটন চাকমা, বার্তা প্রধানঃ উথোয়াই চিং মারমা কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন