আনোয়ার হোসেন,
বাঘাইছড়ি প্রতিনিধি :
রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের গুঞ্জনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পদত্যাগ মানি না, মানব না’ স্লোগানে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
রবিবার (পহেলা জুন) বিকাল ৫ টায় কাচালং বর্ডার গার্ড পাবলিক স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌমুহনী শাপলা চত্বরে এসে টায়ার জ্বালিয়ে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারি, রাঙ্গামাটি জেলা জিয়া পরিষদের উপদেষ্টা অলক বিকাশ চাকমা, পৌর বিএনপির সহ-সভাপতি শাহজালাল চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের মাধ্যমে তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের খবর জানতে পেরেছেন। যদি এ খবর সত্য হয়ে থাকে, তবে তা পার্বত্য চট্টগ্রামের মানুষের জন্য অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক।
তারা দাবি করেন, রাঙ্গামাটি জেলার জনগণের বিপুল সমর্থনে নির্বাচিত হওয়ার পর অ্যাডভোকেট দীপেন দেওয়ান মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করেন এবং স্বল্প সময়ের মধ্যেই পার্বত্য অঞ্চলে সম্প্রীতি, সৌহার্দ্য ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে তিনি জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
সমাবেশে বক্তারা আরও বলেন, “অজ্ঞাত কোনো কারণে যদি তিনি পদত্যাগ করে থাকেন, তবে তা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি, তাঁর পদত্যাগপত্র গ্রহণ না করে পুনরায় তাঁকে মন্ত্রিত্বের দায়িত্বে বহাল রাখা হোক।”
বিক্ষোভ সমাবেশ থেকে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির স্বার্থে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে তাঁর বর্তমান দায়িত্বে বহাল রাখার দাবি জানানো হয়।

অনলাইন ডেস্ক