রিপন মারমা কাপ্তাই :
খাগড়াছড়ির সিনিয়র সাংবাদিক জীতেন বড়ুয়ার নিঃশর্ত মুক্তি এবং সারাদেশে কর্মরত গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে রাঙ্গামাটিতে এক বিক্ষোভ মানববন্ধনের ডাক দেওয়া হয়েছে। আগামীকাল (৮ জুন) সোমবার সকাল ১১:০০ টায় রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে।
রাঙ্গামাটি সাংবাদিক ইউনিয়ন (আরজেইউ) ও রাঙ্গামাটি টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়েছে। কর্মসূচি সফল করতে রাঙ্গামাটিতে কর্মরত সকল প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মাধ্যমের সাংবাদিকদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, আজ টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের উদ্যোগে এক প্রস্তুতি সভা সফলভাবে সম্পন্ন হয়েছে। সভায় সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। সভা শেষে সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, আজকের জরুরি সভায় উপস্থিত হয়ে কর্মসূচিকে বেগবান করার জন্য সকল সদস্যের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। সেই সাথে আগামীকালকের মানববন্ধনে বিপুলসংখ্যক গণমাধ্যমকর্মীর উপস্থিতি আশা করা হচ্ছে। নেতৃবৃন্দ উপস্থিত সকলের সুস্বাস্থ্য ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক