প্রকাশের সময়: সোমবার, ৮ জুন, ২০২৬ । ১:৫১ পিএম প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৯ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রী পুনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন, প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি

অনলাইন ডেস্ক

 

ছন্দ সেন চাকমা, রাঙামাটি :

​পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী পদে অ্যাডভোকেট দীপেন দেওয়ানকে পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিক সমাজ। সোমবার (৮ জুন) সকাল ১০টায় রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি আসন থেকে বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হন অ্যাডভোকেট দীপেন দেওয়ান। তিনি দীর্ঘদিন ধরে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সেতুবন্ধন তৈরি করে পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।

​বক্তারা আরও দাবি করেন, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে দীপেন দেওয়ানের গ্রহণযোগ্যতা ব্যাপক এবং তাঁর নেতৃত্বেই পার্বত্য অঞ্চলের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড গতিশীল হয়েছে। তাই চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে এবং পার্বত্য অঞ্চলের বৃহত্তর স্বার্থে তাকে পুনরায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর দায়িত্ব দেওয়ার জোর দাবি জানান তারা।

​রাঙামাটি শাহ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক এস এম মঈন উদ্দিন মিন্টুর সভাপতিত্বে এবং রেজাউর রশিদ পাপ্পুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, ​রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ ও জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য বাঞ্চিতা চাকমা, ​জুম অ্যাস্থেটিক কাউন্সিলের সভাপতি শিশির চাকমা, ​রাঙামাটি জেলা হেডম্যান অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সুজিত দেওয়ান,​ সমাজসেবক আমির মোহাম্মদ ছাবের, ​অ্যাডভোকেট রাজীব চাকমা, ​নারী নেত্রী রাবেয়া সুলতানা, ​গৌরিকা চাকমা, ​মংসুই প্রু মারমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমা, ​লুমা লুসাই, ​বাংলাদেশ শিক্ষক সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি মো. মইন উদ্দিন প্রমূখ।

​কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দিয়ে এই পুনর্বহালের দাবি জানান। তারা আশা প্রকাশ করেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, স্থিতিশীলতা ও জনস্বার্থের বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার তাদের দাবি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন