মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলায় স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির ব্যবহার ও সম্প্রসারণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আয়োজনে এবং রুমা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এর সহযোগিতায়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আইএনএআরএস, বিসিএসআইআর, ঢাকার সিনিয়র সাইন্টিফিক অফিসার ড. অজয় কান্তি মন্ডল। তিনি স্থানীয়ভাবে উদ্ভাবিত প্রযুক্তির গুরুত্ব, গ্রামীণ উদ্ভাবনের সম্ভাবনা এবং স্থানীয় সমস্যা সমাধানে বিজ্ঞান ও প্রযুক্তির কার্যকর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী। সভাপতির বক্তব্যে তিনি বলেন, পাহাড়ি অঞ্চলের কৃষি, পানি ও জ্বালানি সংক্রান্ত বিভিন্ন সমস্যার টেকসই সমাধানে লাগসই প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় উদ্ভাবকদের উৎসাহ ও সহযোগিতা প্রদানে উপজেলা প্রশাসন সবসময় পাশে থাকবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা ফরিদুল হক এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দেব। এ সময় বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন প্রধান আলোচক ড. অজয় কান্তি মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী এবং উপস্থিত অন্যান্য কর্মকর্তারা। প্রদর্শনীতে স্থানীয় উদ্ভাবকরা পরিবেশবান্ধব জ্বালানি, কৃষি যন্ত্রপাতি এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যার সহজ ও কার্যকর সমাধানভিত্তিক প্রযুক্তি প্রদর্শন করেন।
১১ ও ১২ জুন অনুষ্ঠিতব্য এই দুই দিনব্যাপী প্রদর্শনীতে উপজেলার শিক্ষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। আয়োজকরা মনে করেন, এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে তুলবে এবং স্থানীয় সমস্যার স্থানীয় সমাধান উদ্ভাবনে উৎসাহিত করবে।

অনলাইন ডেস্ক