প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ৪:১১ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রচলিত ভূমি ব্যবস্থাপনায় প্রথাগত নেতৃত্বের ভূমিকা নিয়ে রাঙ্গামাটিতে হেডম্যান সম্মেলন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

 

ছন্দ সেন চাকমা, রাঙ্গামাটি :

‘প্রচলিত ভূমি ব্যবস্থাপনায় প্রথাগত নেতৃত্বের ভূমিকা ও করণীয়: পার্বত্য চুক্তি ও বর্তমান অবস্থা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ১১ জুন ২০২৬, বৃহস্পতিবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে ‘পার্বত্য চট্টগ্রাম হেডম্যান নেটওয়ার্ক সম্মেলন-২০২৬’।

দিনব্যাপী আয়োজিত এই সম্মেলনে পার্বত্য চট্টগ্রামের প্রথাগত ভূমি ব্যবস্থাপনা এবং পার্বত্য চুক্তির বর্তমান প্রেক্ষাপটে হেডম্যানদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করা হয়। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান শ্রী জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা।

সম্মেলনের উদ্বোধন করেন চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার, জেলা প্রশাসক নাজমা আশরাফীসহ স্থানীয় প্রথাগত নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের আয়োজনে এবং এএলআরডি (ALRD)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সম্মেলন পার্বত্য অঞ্চলের ভূমি অধিকার ও সুশাসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শান্তি বিজয় চাকমা।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন