সিএইচটি বার্তা ডেক্স রিপোর্ট :
পার্বত্য চট্টগ্রামসহ সমগ্র বাংলাদেশ থেকে আগামী ২০৩০ সালের মধ্যেই কুষ্ঠরোগ নির্মূলের প্রত্যয় ব্যক্ত করেছেন লেপ্রসি মিশনের কর্মকর্তারা। আজ রবিবার (১৪ জুন) দুপুরে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত জেলা পর্যায়ের এক অ্যাডভোকেসি সভায় এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভায় পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সংস্থার কার্যক্রম তুলে ধরেন লেপ্রসি মিশনের প্রকল্প ব্যবস্থাপক পরশ চাকমা। তিনি জানান, ২০০১ সাল থেকে গত দুই যুগে পার্বত্য চট্টগ্রামে প্রায় ৫ হাজার কুষ্ঠরোগীকে চিকিৎসা দিয়ে সুস্থ করেছে লেপ্রসি মিশন। বর্তমানে সংস্থাটি পার্বত্য অঞ্চলের ২৬টি উপজেলায় কুষ্ঠ নিয়ন্ত্রণে কাজ করছে। চিকিৎসার পাশাপাশি কুষ্ঠরোগী ও প্রতিবন্ধীদের আর্থ-সামাজিক উন্নয়নেও কাজ করবে সংস্থাটি।
কর্মকর্তারা কুষ্ঠ নির্মূলে সরকারি স্বাস্থ্য ব্যবস্থার পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, ধর্মীয় নেতা, হেডম্যান-কার্বারী, সুশীল সমাজ ও স্বাস্থ্যকর্মীদের সমন্বিত সহযোগিতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভায় উপস্থিত অংশীজনদের কুষ্ঠরোগের লক্ষণ, সনাক্তকরণ ও চিকিৎসা বিষয়েও বিস্তারিত ধারণা দেওয়া হয়।

অনুষ্ঠানে সিভিল সার্জন কার্যালয়ের প্রোগ্রাম অফিসার শরীফুল ইসলাম, রাঙামাটি সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রশীদসহ স্থানীয় বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিত, ইমাম, এনজিও প্রতিনিধি এবং হেডম্যান-কার্বারীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে কুষ্ঠ নির্মূল কার্যক্রমকে গতিশীল করতে একটি জেলা অ্যাডভোকেসি প্লাটফর্ম গঠন করা হয়। এতে লক্ষীন্দ্র চাকমাকে সভাপতি, মো. বাচ্চু মিয়াকে সহ-সভাপতি, শিলা আক্তারকে সম্পাদক এবং জ্ঞানপম চাকমাকে অর্থ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।

অনলাইন ডেস্ক