রিপন মারমা, কাপ্তাই (রাঙ্গামাটি) প্রতিনিধি :
হালদা নদী ও এর সাথে সংযুক্ত কর্ণফুলী নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষা এবং মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাঙ্গামাটির কাপ্তাইয়ে মৎস্যজীবীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্রের উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (২য় পর্যায়)”-এর আওতায় এই সভার আয়োজন করা হয়। মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের অর্থায়নে অনুষ্ঠানটি বাস্তবায়ন করে কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান।
উদ্বুদ্ধকরণ সভায় বক্তারা হালদা ও কর্ণফুলী নদীর মৎস্য সম্পদের গুরুত্ব তুলে ধরে বলেন, দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী এবং এর সাথে সংযুক্ত কর্ণফুলী নদীর জীববৈচিত্র্য রক্ষা করা আমাদের জাতীয় দায়িত্ব। মা মাছ রক্ষা, পোনা নিধন রোধ এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে মৎস্যজীবীদের সচেতন হওয়ার কোনো বিকল্প নেই। বক্তারা মৎস্য সম্পদ রক্ষায় প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি ও জেলে সম্প্রদায়কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

কাপ্তাই সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোঃ এরশাদ বিন শহীদের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই সাবেক চেয়ারম্যান মো. দিলদার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আহসান হাবীব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, কাপ্তাই সহকারি তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, সভায় স্থানীয় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, মেম্বার (ইউপি সদস্য), গণমাধ্যমকর্মী এবং বিপুল সংখ্যক মৎস্যজীবী অংশ নেন। উপস্থিত মৎস্যজীবীরা নদী ও মৎস্য সম্পদ রক্ষায় সরকারের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং প্রশাসনের সকল নির্দেশনাবলী মেনে চলার অঙ্গীকার ব্যক্ত করেন।

অনলাইন ডেস্ক