প্রকাশের সময়: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬ । ৩:২৪ পিএম প্রিন্ট এর তারিখঃ বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

কুষ্ঠরোগীদের সঙ্গে মানবিক আচরণের আহ্বান বিশিষ্টজনদের

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

কুষ্ঠরোগীদের প্রতি সদয় হয়ে মানবিক আচরণ করার আহ্বান জানিয়েছেন রাঙামাটির বিশিষ্টজন ও সরকারি কর্মকর্তারা। তারা বলেন, রোগের যন্ত্রণার চেয়ে সামাজিক অবহেলা ও নির্যাতনের কষ্টই কুষ্ঠরোগীদের বেশি পোড়ায়।

মঙ্গলবার (১৬ জুন) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে লেপ্রসি মিশনের আয়োজনে ‘ওরিয়েন্টেশন সভা’ অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা. নুয়েন খীসার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও শিক্ষাবিদ দেবপ্রসাদ দেওয়ান।

সভায় বক্তারা বলেন, কুষ্ঠ একটি নিরাময়যোগ্য রোগ। জীবাণু কম হলে ৬ মাস, বেশি হলে ১ বছর চিকিৎসায় সেরে যায়। অথচ কুসংস্কার ও ভুল ধারণার কারণে রোগীরা সামাজিকভাবে হেয় হচ্ছেন। কুষ্ঠ নিয়ে ভুল ধারণা দূর করতে সবাইকে এগিয়ে আসতে হবে। রোগীদের প্রতি সদয় ও মানবিক হতে হবে।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সরিৎ কুমার চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাহজাহান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সাদাত মোহাম্মদ সায়েম, লেপ্রসি মিশনের মেডিকেল অফিসার ডা. জীবক চাকমা ও রাঙামাটি বক্ষব্যাধি ক্লিনিকের কনসালটেন্ট ডা. শুভ্রসোম চাকমা।

লেপ্রসি মিশনের মেডিকেল অফিসার ডা. জীবক চাকমা জানান, চলতি বছর রাঙামাটিতে ১৫ জন নতুন কুষ্ঠরোগী শনাক্ত হয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আগে যারা কুষ্ঠে আক্রান্ত হয়ে বিকলাঙ্গ হয়ে ভিক্ষাবৃত্তিতে নেমেছিলেন, তাদের পুনর্বাসন করা হয়েছে। বিভিন্ন এলাকায় গ্রুপভিত্তিক সুদমুক্ত ঋণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করা হয়েছে। তিনি আরও জানান, সরকারি হাসপাতালের পাশাপাশি লেপ্রসি মিশন বিনামূল্যে ওষুধ ও চিকিৎসা সেবা দিচ্ছে। মেডিকেল টিম ও জেলা পর্যায়ের অ্যাডভোকেসি প্ল্যাটফর্ম একযোগে কাজ করছে। প্রধান অতিথি দেবপ্রসাদ দেওয়ান কুষ্ঠরোগীদের সব ধরনের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

সভায় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারি, ধর্মীয় পুরোহিত, কুষ্ঠরোগমুক্ত নারী-পুরুষ ও লেপ্রসি মিশনের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন