প্রকাশের সময়: শুক্রবার, ২৬ জুন, ২০২৬ । ৪:২০ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

কারাগারের শিকল পেরিয়ে মায়ের শেষ বিদায়ে লোঙা খুমি

অনলাইন ডেস্ক

 

রুমা (বান্দরবান) প্রতিনিধি:

বান্দরবানের রুমায় প্রায় তিন বছর পর মায়ের মরদেহের সামনে এসে শেষ বিদায় জানালেন হাজতি লোঙা খুমি।

বৃহস্পতিবার (২৫ জুন) মায়ের মৃত্যুর খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পাহারায় তাকে শেষবারের মতো মায়ের মুখ দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসীর কান্নায় এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, লোঙা খুমির মা পাইত্লেন খুমি (৭৩) গত বৃহস্পতিবার (২৫ জুন) আনুমানিক সকাল ১১টা ৩০ মিনিটে বার্ধক্যজনিত অসুস্থতায় নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি রুমা সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গির্জাপাড়া এলাকার বাসিন্দা ছিলেন। তার স্বামী হইকিং খুমি বহু বছর আগেই মৃত্যুবরণ করেন।

জানা যায়, ২০২৩ সালের ১৯ মে সকাল সাড়ে ৮টার দিকে রুমা বাজার থেকে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) -এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমিকে আটক করে সেনাবাহিনী। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে রুমা থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়। তবে এ অভিযোগের বিষয়ে মামলার চূড়ান্ত নিষ্পত্তির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মায়ের মৃত্যুর সংবাদ পাওয়ার পর কারা কর্তৃপক্ষের প্রয়োজনীয় অনুমতি ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করে শুক্রবার (২৬ জুন) তাকে শেষবারের মতো মায়ের মরদেহ দেখার সুযোগ দেওয়া হয়।

মায়ের মরদেহের পাশে দাঁড়িয়ে শেষবারের মতো বিদায় জানান লোঙা খুমি। এ সময় তার অশ্রুসিক্ত চোখ, স্বজনদের আহাজারি এবং উপস্থিত মানুষের নীরব বেদনায় পুরো পরিবেশ ভারী হয়ে ওঠে।

দীর্ঘ তিন বছর পর পরিবারের সঙ্গে এই ক্ষণিকের পুনর্মিলন উপস্থিত সবার হৃদয় ছুঁয়ে যায়। মায়ের শেষ বিদায়ে সন্তানের এমন অসহায় উপস্থিতি রুমাজুড়ে এক বেদনাবিধুর ও হৃদয়স্পর্শী দৃশ্যের জন্ম দেয়।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন