প্রকাশের সময়: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬ । ৮:০৮ পিএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

বাঘাইছড়ির করেঙ্গাতলীতে বিদ্যুৎ লাইনে কাজের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কর্মী আহত ‎

অনলাইন ডেস্ক

 

‎আনোয়ার হোসেন,  ‎বাঘাইছড়ি প্রতিনিধি:

‎রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩৫নং বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতলী বাজার সংলগ্ন ৩৩ কেভি বিদ্যুৎ লাইনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে উত্তম ও অরুণ নামে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তারা বর্তমানে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ‎শুক্রবার (৩ জুলাই) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও আহতদের পরিবার সূত্রে জানা যায়, বিদ্যুতের খুঁটিতে কাজ শুরু করার আগে মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের কাছে প্রধান (মেইন) বিদ্যুৎ লাইন বন্ধ করার আবেদন করা হয়। এরপর তারা খুঁটিতে উঠে কাজ শুরু করেন। তবে কাজ শেষ হওয়ার আগেই হঠাৎ মেইন লাইনে বিদ্যুৎ সরবরাহ চালু হয়ে গেলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন এবং খুঁটির ওপরেই গুরুতর আহত অবস্থায় আটকা পড়ে যান। ‎পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে প্রথমে একজন পল্লী চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাদের অবস্থার অবনতি হওয়ায় বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে। ‎ ‎

ঘটনার বিষয়ে জানতে মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক রাজস্ব কর্মকর্তা সুগত চাকমার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ‎তবে দায়িত্বে থাকা নিরাপত্তা প্রহরী আখিনু চাকমা জানান, মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মেইন লাইন দিঘীনালা বিদ্যুৎ কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হয়। ‎তিনি বলেন, “উত্তম ও অরুণ কাজের জন্য মেইন লাইন বন্ধ এবং প্রয়োজনীয় অনুমতির বিষয়ে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমি মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র থেকে করেঙ্গাতলী বাজারের লাইন বন্ধের প্রক্রিয়া শুরু করেছিলাম। কিন্তু আনুষ্ঠানিক ক্লিয়ারেন্স দেওয়ার আগেই তারা খুঁটিতে উঠে কাজ শুরু করেন।

এ সময় দিঘীনালা বিদ্যুৎ কেন্দ্র থেকে মারিশ্যা বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের মেইন লাইন পুনরায় সচল করে দেওয়া হয়। ফলে তারা বিদ্যুৎস্পৃষ্ট হন।” ‎ ‎ঘটনার প্রকৃত কারণ এবং দায়িত্বে কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। ‎

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন