সুশান্ত কান্তি তঞ্চঙ্গ্যা, আলীকদম (বান্দরবান)প্রতিনিধি :
বান্দরবানে আলীকদমে টানা দুই দিনের ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢলে মাতামুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় আজ সোমবার (৬ জুলাই) দুপুর থেকে লামা-আলীকদম সড়কের তিনটি স্থান ডুবে গেছে। ফলে সকাল থেকে লামার সঙ্গে আলীকদমের এবং আলীকদমের সঙ্গে লামা ও চকরিয়া যানবাহন চলাচল বন্ধ রয়েছে। বৃষ্টি এখনো অব্যাহত থাকায় মাতামুহুরী নদীর পানি আরও বাড়তে পারে বলে জানান আলীকদম উপজেলা নির্বাহী অফিসার মো. মনজুর আলম।
এদিকে আলীকদম ও লামার লোকজন জানিয়েছেন, গতকাল রবিবার থেকে আলীকদম ও লামা উপজেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। দুই দিনের টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে নদীতে পানি বেড়ে যায়। এতে আজ দুপুরে আলীকদম লামা সড়কের সিলেরতুয়া ও শীবাতলী এলাকা, রেপারপাড়ি বাজার, কাঁকড়া ঝিড়ি, দপ্রু ঝিরি এলাকা ডুবে যায়। যানবাহন চলাচল বন্ধ হওয়ায় লোকজন সেখানে নৌকা দিয়ে পারাপার হয়ে যাতায়াত করছেন।
আলীকদমের চৈক্ষ্যং ইউনিয়নের রেপারপাড়া বাজার এলাকার ইউপি সদস্য মো. বাদশা মেম্বার জানিয়েছেন, রেপারপাড়া ও সিলেরতুয়ার, শীবাতলী নিচু এলাকায় শুধু সড়ক ডুবে যায়নি, দরিদ্র মানুষের ঘরবাড়িও তলিয়ে গেছে। প্রায় ৫০টি পরিবার আশ্রয়কেন্দ্রে ও আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বৃষ্টি না কমায় আরও অনেক বাড়িঘর ডুবে যাওয়ার আশঙ্কা রয়েছে।

আলীকদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মনজুর আলম বলেন, দুপুর থেকে আলীকদম লামা সড়ক প্লাবিত হওয়ার তথ্য জানতে পেরেছি। ফলে যানবাহন বন্ধ থাকায় সড়কের উপর দিয়ে লোকজন নৌকায় করে চলাচল করছে। টানা ভারী ও মাঝারি বৃষ্টিতে মাতামুহুরী নদীর পানি বেড়ে নিচু এলাকা ডোবার আশঙ্কায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়ার জন্য লোকজনকে জানিয়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বন্যা পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটা কন্ট্রোল রুম ও ১৫টি আশ্রয় কেন্দ্র খোলা রাখা হয়েছে।

অনলাইন ডেস্ক