রুপম চাকমা, দীঘিনালা :
খাগড়াছড়ির দীঘিনালায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) দীঘিনালা ইউনিট।
সোমবার (১৩ জুলাই) বিকাল ২টার সময়ে উপজেলার শান্তিপুর ও নারিকেল বাগান ক্ষতিগ্রস্ত এলাকায় সংগঠনটির দীঘিনালা ইউনিটের সম্মনয়ক বর্ণ চাকমার নেতৃত্বে দুই শতাধিক বন্যাদুর্গত পরিবারের হাতে চাল, ডাল, আলু, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী তুলে দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে ইউপিডিএফ (গণতান্ত্রিক)-এর নেতা বর্ণ চাকমা বলেন, সাম্প্রতিক বন্যায় অনেক পরিবার মানবেতর জীবনযাপন করছে। তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করতেই এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
ত্রাণ পাওয়া পরিবারের সদস্যরা এ সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দুর্যোগের এই সময়ে তাদের পাশে দাঁড়ানোয় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
স্থানীয় সূত্রে জানা গেছে, বন্যার কারণে দীঘিনালার বিভিন্ন এলাকায় বসতঘর, ফসলি জমি ও যোগাযোগ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহায়তায় সরকারি উদ্যোগের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে।

অনলাইন ডেস্ক