উথোয়াইচিং মারমা; বান্দরবান:
বান্দরবানের বন্যাদুর্গত কোনো পরিবার ত্রাণ সহায়তা থেকে বঞ্চিত হবে না বলে আশ্বাস দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় যেসব বসতঘর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে, সেগুলো সরকারি উদ্যোগে পুনর্নির্মাণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে।
বুধবার (১৫ জুলাই) সকালে বান্দরবান সদর উপজেলার বালাঘাটা আম বাগান এলাকার বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় তিনি দুর্গত মানুষের খোঁজখবর নেন এবং তাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

প্রতিমন্ত্রী জানান, বন্যা ও ভূমিধসের কারণে যেসব এলাকায় সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, সেগুলো দ্রুত সচল করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ করছে। আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে অধিকাংশ সড়কে যোগাযোগ স্বাভাবিক করার লক্ষ্য নিয়ে কার্যক্রম পরিচালিত হচ্ছে।
তিনি আরও বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন ও জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। পাশাপাশি পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারী পরিবারগুলোকে নিরাপদ স্থানে স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ সরকার গ্রহণ করেছে বলেও তিনি উল্লেখ করেন।
পরিদর্শনকালে ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক