বান্দরবান প্রতিনিধি:
বান্দরবান পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কালাঘাটা বড়ুয়া পাড়ায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে সুমন বড়ুয়া নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২ আগস্ট) পরিচালিত এ অভিযানে ভ্রাম্যমাণ আদালতের বান্দরবান সদর সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ লুৎফর রহমান বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬(খ) ও ১৫(১) অনুযায়ী এ দণ্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালাঘাটা বড়ুয়া পাড়া এলাকায় অভিযান চালিয়ে দেখা যায়, সুমন কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই পাহাড় কেটে মাটি অপসারণ করছেন। ঘটনাস্থলে পাহাড় কাটার সত্যতা পাওয়ায় তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি অবৈধভাবে পাহাড় কাটার কার্যক্রম বন্ধ করে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন উপস্থিত ছিলেন।

সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, অবৈধভাবে পাহাড় কাটা পরিবেশ, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্যের জন্য মারাত্মক হুমকি। তাই এ ধরনের পরিবেশ বিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। তিনি পরিবেশ সংরক্ষণে সবাইকে সচেতন থাকার এবং আইন মেনে চলার আহ্বান জানান।

অনলাইন ডেস্ক