সিএইচটি বার্তা ডেস্ক রিপোর্ট :
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ৪নং বড়থলি ইউনিয়নের দুর্গম ধুপপানি ছড়া ত্রিপুরা পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বৃদ্ধ জুমচাষী পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ঘরে থাকা নগদ অর্থ, খাদ্যশস্য, স্বর্ণ-রূপার গহনা, সৌরবিদ্যুৎ ব্যবস্থা ও প্রয়োজনীয় আসবাবপত্রসহ প্রায় সবকিছুই পুড়ে যাওয়ায় পরিবারটি এখন মানবেতর জীবনযাপন করছে।
গত (১ আগস্ট) রোজ রবিবার ভোর আনুমানিক ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারের সদস্যরা তখন ঘুমিয়ে ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হারিকেন বাতি অথবা রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যেই পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ক্ষতিগ্রস্ত ৭৯ বছর বয়সী জুমচাষী বিশ্ব মিত্র ত্রিপুরা জানান, আগুনে তাদের প্রায় ২০০ হাঁড়ি জুমের ধান, নগদ ১ লাখ ৫০ হাজার টাকা, ১০০ ওয়াট ও ২০ ওয়াটের সরকারি সৌরবিদ্যুৎ (সোলার) ব্যবস্থা, প্রায় ১ তোলা স্বর্ণালংকার, ৪ তোলা রূপার গহনা, কাপড়চোপড়, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় সব সামগ্রী পুড়ে যায়। আগুনে তিনি ও তাঁর স্ত্রী চিঠিরুং ত্রিপুরাও দগ্ধ হন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, দুর্গম সীমান্তবর্তী এলাকা হওয়ায় ঘটনাস্থলে দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হয়নি। বাংলাদেশ-ভারত-মিয়ানমার সীমান্তসংলগ্ন প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত হওয়ায় অগ্নিকাণ্ডের খবরও বিলম্বে বাইরে পৌঁছায় না । বর্তমানে নিঃস্ব হয়ে পড়া এই বৃদ্ধ দম্পতির জরুরি ভিত্তিতে খাদ্য, পোশাক, বাসস্থানের উপকরণ এবং আর্থিক সহায়তা প্রয়োজন। ক্ষতিগ্রস্ত পরিবারটি সরকার, বেসরকারি সংস্থা এবং সমাজের বিত্তবান ও মানবিক ব্যক্তিদের সহযোগিতার জন্য আন্তরিক আবেদন জানিয়েছে।
যোগাযোগ:
অখিলা ত্রিপুরা (ক্ষতিগ্রস্ত পরিবারের ছেলে)
মোবাইল: ০১৫৮১-৫৬২৬২৯

অনলাইন ডেস্ক