রুমা (বান্দরবান) প্রতিনিধি :
দুর্গম রুমা উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বান্দরবান জেলা প্রশাসনের উদ্যোগে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসা সামগ্রীগুলো আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রুমা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা আক্তার বিথী এবং বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতন্য রাজবংশী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুমা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবার মান উন্নয়নে জেলা প্রশাসন ধারাবাহিকভাবে জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, নতুন অক্সিজেন সিলিন্ডার যুক্ত হওয়ায় জরুরি চিকিৎসাসেবা আরও শক্তিশালী হবে এবং স্থানীয় সাধারণ মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাওয়ার সুযোগ বৃদ্ধি পাবে। ইউএনও লিজা আক্তার বিথী জানান, দুর্গম এলাকার রোগীদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে ইতোমধ্যে ২০ জন রোগীকে সফলভাবে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বান্দরবান সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বলেন, নতুন প্রাপ্ত অক্সিজেন সিলিন্ডারগুলো মুমূর্ষু রোগীদের জরুরি চিকিৎসা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বর্তমানে হামের তান্ডব এমন পরিস্থিতিতে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সরঞ্জাম বৃদ্ধি স্থানীয় স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

অনলাইন ডেস্ক