রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :
রাঙামাটির কাপ্তাই উপজেলার কৃতি সন্তান, সাংবাদিক ও শিল্পী অর্ণব মল্লিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন মাস্টার্স ফাইনাল পরীক্ষায় ব্যবস্থাপনা বিষয়ে সফলতার সাথে উত্তীর্ণ হয়েছেন। সম্প্রতি প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ফাইনাল পরীক্ষার ফলাফলে এই সাফল্য অর্জন করেন তিনি।
তিনি রাঙামাটি সরকারি কলেজ থেকে এই পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। ব্যক্তিগত জীবনে অর্ণব মল্লিক কাপ্তাই উপজেলার কেপিএম এলাকার অবসরপ্রাপ্ত কর্মকর্তা বাবুল মল্লিক ও গৃহিণী রিপু মল্লিকের সন্তান। মূলধারার সাংবাদিকতার পাশাপাশি তিনি জাতীয় ও স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করছেন। এর পাশাপাশি তিনি বাংলাদেশ বেতার ও টেলিভিশনের একজন নিয়মিত তবলাশিল্পী হিসেবেও সুনামের সাথে যুক্ত আছেন। সাংবাদিকতা, সংগীতচর্চা এবং উচ্চশিক্ষা—এই তিনটি সম্পূর্ণ ভিন্ন ধারায় নিজেকে সমানভাবে সম্পৃক্ত রেখে তাঁর এই অনন্য সাফল্য পরিবার, স্বজন, সহকর্মী ও স্থানীয় শুভাকাঙ্ক্ষীদের মাঝে আনন্দের সৃষ্টি করেছে।
নিজের এই অর্জনের অনুভূতি প্রকাশ করে অর্ণব মল্লিক বলেন, “এই দীর্ঘ যাত্রাটি আমার জীবনের অন্যতম সেরা ও সুন্দর একটি সময় ছিল। আজকের এই দিনটি দেখা সম্ভব হয়েছে কেবল আমার বাবা-মায়ের অক্লান্ত পরিশ্রম, সম্মানিত শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং শুভানুধ্যায়ীদের প্রতিনিয়ত জুগিয়ে যাওয়া অনুপ্রেরণার কারণে। আমি সকলের প্রতি আজীবন কৃতজ্ঞ এবং আগামী দিনেও সবার ভালোবাসা ও আশীর্বাদ কামনা করি।”
এদিকে তাঁর এই সাফল্যে কাপ্তাইয়ের বিভিন্ন বিশিষ্টজন, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উষ্ণ অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তায় তাঁরা বলেন, “কর্মজীবনের নানা ব্যস্ততার মধ্যেও প্রবল ইচ্ছাশক্তি, নিয়মিত অধ্যয়ন এবং কঠোর পরিশ্রম থাকলে যে শিক্ষাজীবনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করা সম্ভব, অর্ণব মল্লিক তাঁর মাস্টার্স পরীক্ষার মাধ্যমে সেটি প্রমাণ করেছেন। তাঁর এই অর্জন কেবল ব্যক্তিগত নয়, বরং সাংস্কৃতিক ও সাংবাদিকতা অঙ্গনে সক্রিয় তরুণ সমাজের জন্য এক দারুণ অনুপ্রেরণার বার্তা।”

অনলাইন ডেস্ক