প্রকাশের সময়: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ । ১০:১৯ এএম প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

রাঙামাটিতে পিকআপ উল্টে নিহত ৪, আহত ২

অনলাইন ডেস্ক

 

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি :

​রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে গিয়ে চারজনের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
​আজ রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কের মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—নানিয়ারচর উপজেলার কৃষ্ণমা ছড়ার বাসিন্দা মেঘরানী চাকমা (৪৫), রাঙামাটি কোতোয়ালি থানার আমানতবাগের শান্তনা চাকমা (৩৮), বিজয়নগরের শান্তি রঞ্জন চাকমা (৬৫) এবং শোভারাণী চাকমা (৫২)।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ‘চট্টগ্রাম মেট্রো ন-১১-২৫৯৯’ নম্বরের একটি পিকআপ যাত্রী ও মালামাল নিয়ে রাঙামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। মানিকছড়ি আর্মি ক্যাম্পের সামনে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

দুর্ঘটনায় গুরুতর আহত শোভারাণী চাকমাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত অন্য দুজন হলেন—পিকআপচালক জ্ঞান বিকাশ চাকমা (৫০) ও যাত্রী সুমন চাকমা (৪৫)। তাঁদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাঙামাটি জেনারেল হাসপাতাল সূত্র জানায়, নিহতদের লাশ বর্তমানে হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত গাড়িটি উদ্ধারের পাশাপাশি নিহত ব্যক্তিদের ময়নাতদন্ত ও অন্যান্য প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন