মথি ত্রিপুরা, রুমা প্রতিনিধি:
বান্দরবানের রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতিতীব্র অপুষ্টিতে (SAM) আক্রান্ত শিশুদের মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত ও পুষ্টি ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদার করতে ২৬ ধরনের প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম প্রদান করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) দুপুরে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসব চিকিৎসা সরঞ্জাম আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা তহ্জিংডংয়ের প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইটেন ত্রিপুরার কাছ থেকে সরঞ্জামগুলো গ্রহণ করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. মোস্তফা রুবেল ও মেডিকেল অফিসার ডা. রিয়াদ হোসেন।
আন্তর্জাতিক দাতা সংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের অর্থায়নে এবং তহ্জিংডংয়ের বাস্তবায়নে পরিচালিত ‘পার্বত্য চট্টগ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনরক্ষাকারী সেবাসমূহে প্রবেশাধিকার ও ব্যবহার নিশ্চিতকরণ প্রকল্প’-এর আওতায় এসব সরঞ্জাম সরবরাহ করা হয়। হস্তান্তর করা সরঞ্জামের মধ্যে রয়েছে শিশুদের উচ্চতা ও দৈর্ঘ্য মাপার স্কেল, ওজন মাপার মেশিন, ওষুধ ও চিকিৎসাসামগ্রী সংরক্ষণের জন্য আলমিরা, বিশেষ পুষ্টিকর খাবার তৈরির মিশ্রণযন্ত্র, বৈদ্যুতিক কেটলি, স্টেইনলেস স্টিলের পাত্র, পানি বিশুদ্ধকরণ ফিল্টার, হ্যান্ডওয়াশ বেসিন, থার্মোমিটার, শিশুর খেলনাসামগ্রীসহ বিভিন্ন প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মোস্তফা রুবেল বলেন, সরবরাহ করা এসব সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের আবাসিক চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও পরিচর্যা আরও কার্যকর ও সুসংহত হবে। পাশাপাশি শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণের ক্ষেত্রে এসব সরঞ্জাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্গম পার্বত্য এলাকায় প্রান্তিক জনগোষ্ঠীর শিশুদের জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য ও পুষ্টিসেবা নিশ্চিত করা এখনও একটি বড় চ্যালেঞ্জ। বিশেষ করে অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্তকরণ, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসা ও পর্যবেক্ষণের জন্য মানসম্মত সরঞ্জাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের মতে, এসব চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ফলে অতি তীব্র অপুষ্টিতে আক্রান্ত শিশুদের দ্রুত শনাক্ত করে প্রয়োজন অনুযায়ী অতি তীব্র অপুষ্টি শিশু ইউনিটে ভর্তি, নিয়মিত পর্যবেক্ষণ এবং যথাযথ চিকিৎসা ও পুষ্টি ব্যবস্থাপনা নিশ্চিত করা আরও সহজ ও কার্যকর হবে।
চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রকল্প কার্যালয়ের প্রকিউরমেন্ট অ্যান্ড লজিস্টিক অফিসার মো. সাইফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স, স্যানিটারি ইন্সপেক্টর, ইপিআই টেকনিশিয়ানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনলাইন ডেস্ক