প্রকাশের সময়: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ । ২:৫৬ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

রামগড়ে নিয়ম না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব, তিনজনকে জরিমানা

অনলাইন ডেস্ক

 

সাইফুল ইসলাম, রামগড় :

খাগড়াছড়ির রামগড়ে নিয়ম না মেনে রোগীদের অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করার অভিযোগে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত।

জরিমানা পাওয়া ব্যক্তিরা হলেন—রাজন চক্রবর্তী, বাদল চক্রবর্তী ও শংকর দেবনাথ। তাদের মধ্যে বাদল চক্রবর্তী ও রাজন চক্রবর্তীকে ১০ হাজার টাকা করে এবং শংকর দেবনাথকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ওই তিন ব্যক্তি রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করছিলেন বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় তাদের কাছে চিকিৎসা ও প্রেসক্রাইব করার বৈধ কাগজপত্র দেখতে চাওয়া হলে তারা প্রয়োজনীয় ডকুমেন্ট দেখাতে পারেননি বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী টিম।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীল আল জান্নাত বলেন, আইন ও বিধি না মেনে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব এবং এর অপব্যবহারের অভিযোগে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল এর ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। চিকিৎসাসেবার নামে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশের একটি বিশেষ টিম উপস্থিত ছিলেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন