প্রকাশের সময়: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ । ৫:৫৫ পিএম প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি বেলাল সম্পাদক মিজানুর

অনলাইন ডেস্ক

 

রাজস্থলী (রাঙ্গামাটি) প্রতিনিধি :

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টা থেকে শুরু হয়ে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৮ জন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোটগ্রহণকে কেন্দ্র করে সকাল থেকেই সমিতির সদস্যদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। ভোটাররা সারিবদ্ধভাবে কেন্দ্রে এসে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেন।

নির্বাচন শেষে ভোট গণনায় সভাপতি পদে ৫৪ ভোট পেয়ে বেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আলী পেয়েছেন ২৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মিজানুর রহমান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোর্শেদ পেয়েছেন ১৭ ভোট।

নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও কাপ্তাই উপজেলা সমবায় অফিসার হিমেল দে বলেন, “সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি ও ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ভোটাররা যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।” এদিকে নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

চন্দ্রঘোনা থানার উপপরিদর্শক দুর্জয় বলেন, “নির্বাচনকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।”

নির্বাচনে বিজয়ী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নবনির্বাচিত কমিটির কাছে সমিতির সদস্যদের প্রত্যাশা, আগামী তিন বছর তারা সমিতির সদস্যদের স্বার্থ রক্ষা, শৃঙ্খলা বজায় রাখা এবং সমিতির কার্যক্রম আরও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখবেন। নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মধ্যে ছিল উৎসবের আমেজ। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণার পর বিজয়ী প্রার্থীদের সমর্থকদের মধ্যেও আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত কমিটির নেতৃত্বে রাইখালী সিএনজি অটোরিকশা সমবায় সমিতির কার্যক্রম আরও সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হবে।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন