প্রকাশের সময়: সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ । ৩:৪৭ পিএম প্রিন্ট এর তারিখঃ সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

কাপ্তাইয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক

 

​রিপন মারমা, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি :

নারীর ক্ষমতায়ন, অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাবলম্বী পরিবার গড়ার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ক এক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

​সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে কাপ্তাইয়ের কিন্নরী হলরুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত টেলিকনফারেন্স শেষে এই প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।উপজেলা তথ্য সহকারী কর্মকর্তা মো: দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: রায়হানুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো: নাজমুল হাসান এবং কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহলা অং মারমা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গত ১০ মার্চ পাইলটিং উদ্বোধনের পর সফলভাবে পাইলটিং সম্পন্ন করে চলতি ২০২৬-২৭ অর্থবছরে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য ১৪,৫০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর মধ্যে ১২,৩০০ কোটি টাকা সরাসরি ভাতা হিসেবে প্রদান করা হবে। ১২ অক্টোবর থেকে ৬৬,৮১৫ জন তথ্য সংগ্রহকারী এবং ৬,৬৮১ জন সুপারভাইজার বিশেষায়িত ট্যাবলেট ডিভাইসের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করে সরাসরি অনলাইন ডেটাবেইজে ইনপুট করবেন।

পরিসংখ্যান ব্যুরোর পিএমটি পদ্ধতিতে দেশের সকল পরিবারকে ৫টি কোয়ান্টাইলে ভাগ করা হয়েছে। পিএমটি স্কোর ৮৬০ বা তার কম প্রাপ্ত নারী পরিবার প্রধান ভাতা পাবেন। সকল নারী পরিবার প্রধান কার্ড পেলেও ১ম, ২য় ও ৩য় কোয়ান্টাইলভুক্তরা ভাতা পাবেন।

আগামী ডিসেম্বর ২০২৬-এর মধ্যে ৪.৪৫ কোটি পরিবারের তথ্য সংরক্ষণের লক্ষ্য রয়েছে। চলতি অর্থবছরে নতুন ৪০ লক্ষ নারী পরিবার প্রধানকে ভাতা দেওয়া হবে এবং আগামী ৩ বছরে সকল যোগ্যদের আওতায় আনা হবে।

Dual Chip, QR Code ও NFC সুবিধা সম্বলিত এই কার্ড ‘TakaPay’ স্কিমের সাথে যুক্ত থাকবে, যার মাধ্যমে এটিএম, পিওএস ও এমএফএস থেকে সহজে ভাতার টাকা উত্তোলন করা যাবে।

​সংবাদ সম্মেলনে বক্তারা কর্মসূচির সফল বাস্তবায়নে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ঘাগড়া, কাউখালী, রাঙামাটি পার্বত্য জেলা।

কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন